AFC চ্যাম্পিয়ন্স লিগে খেলতে না যাওয়া নিয়ে মোহনবাগানকে খোঁচা দিয়ে গ্যালারিতে টিফো ঝুলিয়েছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। কিন্তু ISL-এ ডার্বি না জেতার পরিসংখ্যান বদলাতে পারল না ইস্টবেঙ্গল। রবিবাসরীয় সন্ধেয় যুবভারতী ক্রীড়াঙ্গনে ফের একবার কলকাতা ডার্বিতে শেষ হাসি হাসল মোহনবাগান। ১-০ গোলে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে ISL-এ টানা ছয় ম্যাচে জয় পেল সবুজ-মেরুন ব্রিগেড। একমাত্র গোলটি করে নায়ক হয়ে উঠলেন মোহনবাগানের জেমি ম্যাকলারেন। সাত ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে জায়গা আরও মজবুত করল পানোসের সবুজ-মেরুন ব্রিগেড।
একাধিকবার নিশ্চিত গোল বাঁচিয়ে ম্যাচের সেরা হলেন মোহনবাগানের স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজ়। বিদেশি ডিফেন্ডার থাকা আর না থাকার পার্থক্যটা ভালো ভাবে বুঝল ইস্টবেঙ্গল। পাঁচ ম্যাচে সাত পয়েন্ট নিয়ে লিগ টেব্লে নবম স্থানে নেমে গেল হাবাসের দল।
ম্যাচের শুরুর দিকে আক্রমণ শানায় দুই দলই। ৪ মিনিটের মাথায় ক্রস থেকে মোহনবাগানের ক্যাপ্টেন শুভাশিস বসুর হেড সেভ দেন ইস্টবেঙ্গলের গোলকিপার ফুরবা। ১২ মিনিটের মাথায় সহজ সুযোগ পেয়েছিল লাল-হলুদ ব্রিগেড। ওয়ান-টু খেলে গোলের সুযোগ তৈরি করে নেন ডেভিড। কিন্তু দারুণ অনুমান ক্ষমতায় তাঁর শট আটকে দেন আলবার্তো রদ্রিগেজ়। এর পরের ১০ মিনিট বল দখলে রেখে বেশ কয়েকবার অ্যাটাকে ওঠে ইস্টবেঙ্গল, তবে তাতে ঝাঁজ ছিল না।
৩০ মিনিটের মাথায় সুবর্ণ সুযোগ নষ্ট করেন মোহনবাগানের অনিরুধ থাপা। বাঁ দিক থেকে বক্সে লো ক্রস রাখেন শুভাশিস। একেবারে নিখুঁত জায়গায় বল পেয়ে যান থাপা। সামনে তখন শুধু গোলকিপার। কিন্তু ৬ গজের মধ্যে এই সুযোগ পেয়েও প্রথম পোস্টের সামনে দাঁড়িয়েও বল বারের অনেক উপর দিয়ে উড়িয়ে দেন তিনি।
৬ মিনিট পরেই ইস্টবেঙ্গলকে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন জয় গুপ্তা। মোহনবাগানের গোলকিপার বিশাল কাইথ উঠে যাওয়ায় ফাঁকা ছিল গোল। বাঁ দিক থেকে বল পেয়ে শট নেন জয়। বল সজোরে আছড়ে পড়ে গোলপোস্টে। দু’মিনিট পরেই মোহনবাগানকে আরও একবার বিপদের হাত থেকে বাঁচান আলবার্তো। মেহতাব, রাহুল ভেকেরা খেললেও একা ডিফেন্সে নজর কাড়লেন এই স্প্যানিশ তারকা। অন্য দিকে ক্রোয়েশিয়ান ডিফেন্ডার জিভুলিচ খেলতে না পারায় ফল ভুগল ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত গোলশূন্য ভাবেই শেষ হয় ফার্স্ট হাফ।
সেকেন্ড হাফে প্রথম ১৫ মিনিটে খেলার গতিপ্রকৃতির সে ভাবে পরিবর্তন হয়নি। গোলের খোঁজে জোড়া বদল করেন মোহনবাগান কোচ পানোস। মেহতাব সিং ও দ্রাজ়িচের জায়গায় মাঠে নামেন লিস্টন কোলাসো ও সমীর জ়েলকোভিচ। এর পরে পাঁচ মিনিটের মধ্যে দু’বার দারুণ সেভে ইস্টবেঙ্গলকে গোলকিপার ফুরবা। তবে লাভ হয়নি বেশিক্ষণ।
৬৭ মিনিটের মাথায় ভাঙে ডেডলক। ডান প্রান্ত থেকে ক্রস রাখেন মেহতাব। বক্সের বাইরে সেই বল হেডে নামিয়ে দেন লিস্টন। ইস্টবেঙ্গলের ডিফেন্ডারদের টপকে বক্সে ঢোকা ম্যাকলারেন নিখুঁত ফিনিশে বল জড়িয়ে দেন জালে। উচ্ছ্বাসে ফেটে পড়ে মোহনবাগান গ্যালারি। কর্নার ফ্ল্যাগ তুলে গল্ফ খেলার স্টাইলে সেলিব্রেশন করেন ম্যাকা। প্রথমার্ধে একেবারে নিষ্প্রভ থাকলেও তাঁর গোলেই বাজিমাত করল মোহনবাগান।
গোল খেয়ে পিছিয়ে পড়ে জোড়া বদল করেন ইস্টবেঙ্গলের কোচ হাবাস। লোবার জায়গায় পিভি বিষ্ণু এবং দানি রামিরেজ়ের জায়গায় লুকাসকে মাঠে নামান তিনি। ততক্ষণে ম্যাচের রাশ নিজেদের হাতেন তুলে নিয়েছে মোহনবাগান। সমতা ফেরানোর জন্য ইস্টবেঙ্গল যখন মরিয়া, তখন ৮৭ মিনিটে লিড বাড়ানোর সহজ সুযোগ হাতছাড়া করেন পরিবর্ত হিসেবে নামা লি এরউইন। পাঁচ মিনিট ইনজুরি টাইম দেওয়া হলেও তাতে ম্যাচে ফিরতে পারেনি ইস্টবেঙ্গল।
বাগানের এই জয়ের ফলে ISL ডার্বিতে ইস্টবেঙ্গলের হারের ধারা বজায় থাকল। ১২ ম্যাচ খেলে ১০টা জিতল মোহনবাগান, বাকি দুটো ড্র। ম্যাচ শেষে তাই মোহনবাগান শিবিরে যখন উৎসবের আবহ, তখন ইস্টবেঙ্গলের ডাগআউটে হতাশায় মুখ ভার ছিল আন্তনিও লোপেজ় হাবাসের।
