
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সড়ক অবৈধভাবে খননকালে হাতেনাতে ২ জন আটক; সরঞ্জাম জব্দ
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অনুমতি ছাড়াই অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার লক্ষ্যে সড়ক খননকালে দুই জন শ্রমিককে হাতেনাতে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার, ডিএসসিসির অঞ্চল-৫-এর আওতাধীন ৫২ নম্বর ওয়ার্ডের উত্তর মুরাদপুর এলাকার লাল মিয়া সড়কে এই ঘটনা ঘটে।
ডিএসসিসির প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, শরীফ মঞ্জিলের (হোল্ডিং নং ৩০৭, মুরাদপুর, জুরাইন) জিয়া উদ্দিন বাদলের নেতৃত্বে সিটি কর্পোরেশনের কোনো ধরনের অনুমতি না নিয়েই অবৈধ গ্যাস সংযোগের জন্য ওই সড়কটি খনন করা হচ্ছিল। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুই জন শ্রমিককে আটক করা হয়।
অভিযানকালে অবৈধ খননকাজে ব্যবহৃত ২ টি হ্যামার ড্রিল, প্রয়োজনীয় বৈদ্যুতিক তার এবং ২ টি কর্নি জব্দ করা হয়েছে।
পরবর্তীতে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক সহযোগিতায় আটককৃত দুই শ্রমিককে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। জনস্বার্থে ও সরকারি সম্পত্তি রক্ষায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
