সারের ডিলার নিয়োগে অনিয়ম ও অসংগতির অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। যেসব ক্ষেত্রে এখনো ডিলারশিপের চুক্তি হয়নি, সেসব ক্ষেত্রে অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চুক্তি স্থগিত রাখার সুপারিশও করেছে কমিটি।
সোমবার (২৬ অক্টোবর) জাতীয় সংসদে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেন। এতে সারের মজুত, বিতরণ, ব্যবস্থাপনা ও ডিলার নিয়োগ নিয়ে আলোচনা হয়।
বৈঠক সূত্র জানায়, লালমনিরহাট, বরগুনা, সাতক্ষীরা, ফরিদপুর, নওগাঁ ও যশোর জেলায় ডিলার নিয়োগসংক্রান্ত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি। যেসব ক্ষেত্রে ইতিমধ্যে চুক্তি সম্পাদিত হয়েছে, সেসব ক্ষেত্রে অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এ ছাড়া সারের বিতরণ, মজুত ও ব্যবস্থাপনা কার্যক্রম এবং সারের অবৈধ মজুত ও বিপণনসহ অন্যান্য অনিয়ম সরেজমিনে পরিদর্শনের সিদ্ধান্ত হয়েছে। এসব কার্যক্রমে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সমাধানে সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়নের জন্য সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন সংসদ সদস্য মো. রোকন উদ্দীন বাবুল ও মোছা. সাবিরা সুলতানা।
বৈঠকে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদসহ সংসদীয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া কৃষি মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
এমএম/
