Published on
:
2 min read
এই সময়, কাঁকসা: মুম্বইয়ে কাজ করতে গিয়ে রহস্যজনক ভাবে মৃত্যু হলো কাঁকসার বিরুডিহা গ্রামের বাসিন্দা এক যুবকের। তাঁর নাম বিশ্ব দে (২১)। মুম্বইয়ের বোরিভলি এলাকায় একটি নির্মিয়মাণ বহুতল আবাসনের ২০ তলা থেকে বিশ্বর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের লোকদের দাবি, যে ভাবে দেহ পাওয়া গিয়েছে, তাতে মনে হচ্ছে, বিশ্বকে হত্যা করা হয়েছে। কাঁকসা থানায় বিষয়টি জানানো হয়েছে পরিবারের তরফে।
বিরুডিহায় ওই যুবকের প্রতিবেশীরা জানিয়েছেন, বিশ্বরা দুই ভাইবোন। এক দিদি রয়েছেন, তাঁর বিয়ে হয়েছে ত্রিপুরায়। গ্রামের বাড়িতে বিশ্বর বাবা ছাড়া আর কেউ নেই। মায়ের মৃত্যু হয়েছে অনেক দিন আগে। চলতি মাসের ১ তারিখে বিশ্ব মুম্বইয়ে গিয়েছিলেন ওয়েলডিংয়ের কাজ করতে। শনিবার দুপুর একটা থেকে বিশ্বকে খুঁজে পাচ্ছিলেন না সহকর্মীরা। যে বহুতল আবাসনে কাজ করছিলেন তিনি, রাতে সেই আবাসনের ২০ তলার ফ্লোরে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান নিরাপত্তা কর্মীরা। বোরিভলি থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়না–তদন্তের জন্য নিয়ে যায়। আরও জানা গিয়েছে, সঞ্জয় হালদার নামে এক ঠিকাদারের সঙ্গে মুম্বই গিয়েছিলেন বিশ্ব। ওই ঠিকাদার বিরুডিহারই বাসিন্দা। সঞ্জয়ের ভাগ্নে শ্যামল হালদার সোমবার দাবি করেন, বিশ্ব আত্মহত্যা করেছেন। তাঁর বক্তব্য, ‘কী কারণে আত্মহত্যা করল, বুঝতে পারছি না। শনিবার সকালে কাজ যায়নি। রুমে শুয়েছিল। দুপুর একটার পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না বিশ্বর। এর আগে আমার সঙ্গে বেঙ্গালুরু ও অন্ধ্রপ্রদেশে কাজে গিয়েছিল। খুব ভালো ছেলে ছিল।’
বিশ্বর পরিবার জানিয়েছে, তাঁর বাবার স্থায়ী কাজ ছিল না। যখন যে কাজ পেতেন, সেটাই করতেন। সংসারের হাল ধরতে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন বিশ্ব। তাঁর কাকা মদন দে এ দিন বলেন, ‘খবর পেয়ে পরিবারের দুই সদস্য মুম্বইয়ে গিয়েছে। বিশ্বর ঝুলন্ত অবস্থার ছবি দেখেছি। মনে হচ্ছে, কেউ খুন করে ঝুলিয়ে দিয়েছে ওকে।’ স্থানীয় বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘মৃত যুবকের পরিবারের পাশে আছি। মুম্বই থেকে দেহ বিরুডিহায় নিয়ে আসার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাব।’
