সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সোমবার (৭ অক্টোবর) দুপুরে কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে নাজমুল হাসান (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, আটক নাজমুল হাসান কুমিল্লার বুড়িচং উপজেলার হরিপুর গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা হারিজ মিয়ার ছেলে। ‘নাজমুল ইবনে হারিজ’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে মরহুমা বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং স্থানীয় পর্যায়ে ক্ষোভের সঞ্চার হয়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, সোমবার দুপুর ১২টার দিকে দাউদকান্দি টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে নাজমুলকে আটক করা হয়। অভিযানে বুড়িচং থানার ইন্সপেক্টর (তদন্ত) মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে এসআই রাকিব ও এসআই জিয়াসহ পুলিশের একটি চৌকস দল অংশ নেয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল হাসান নিজের ফেসবুক আইডি থেকে ওই আপত্তিকর মন্তব্য করার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলার অবনতি ঘটানো এবং মানহানিকর কর্মকাণ্ডের দায়ে তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল ও রাজনৈতিক কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা দাবি জানিয়েছেন, মহান নেতাদের নিয়ে এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য যারা করেন, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন ধৃষ্টতা দেখানোর সাহস না পায়।
