প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৩:১৪ পিএম
যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর অধিকাংশ এলাকায় সংযোগ পুনঃস্থাপন করা হয়েছে। বাকি এলাকাগুলোতেও দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ পুনর্বহালের কাজ চলছে। বাকি অংশেও স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে মন্ত্রণালয়।
এর আগে মঙ্গলবার দুপুর ১২টা ৪৩ মিনিটের দিকে দেশের পূর্বাঞ্চলের একটি গ্রিডে বিপর্যয় দেখা দেয়। এতে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।
সংস্থাটির জরুরি বার্তায় বলা হয়, ঢাকার পূর্বাঞ্চলের ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। চট্টগ্রামের একাংশেও একই পরিস্থিতি তৈরি হয়।
গ্রিড বিপর্যয়ের প্রভাবে সচিবালয়সহ ঢাকার বিভিন্ন আবাসিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ঢাকার বাইরের কিছু এলাকাতেও বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া যায়।
পাওয়ার গ্রিড বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, গ্রিডের কার্যক্রম পুনরুদ্ধারে কাজ চলছে। প্রকৌশলীরা ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করছেন।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার ঘটনায় জনজীবন ও বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হয়। তবে অধিকাংশ এলাকায় সংযোগ ফিরে আসায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
