জয়পুরহাট জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়া এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যার পর অসুস্থ হয়ে পড়লে তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
মারা যাওয়া ওই ব্যক্তির নাম সুবাস চন্দ্র (৪৬)। তিনি এ জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা মাস্টারপাড়া এলাকার বাসিন্দা। মারামারির একটি মামলার আসামি হিসেবে গত ৮ অক্টোবর থেকে তিনি কারাগারে ছিলেন।
কারাগারের ভারপ্রাপ্ত জেলার তোফায়েল আহম্মেদ খাঁন বলেন, একটি মারামারি মামলায় সুবাস গ্রেপ্তার হয়েছিলেন। আদালতের বিচারিক আদেশে তাকে জয়পুরহাট জেলা কারাগারে রাখা হয়। এরপর থেকে তিনি কারাগারে হাজতি হিসেবে বন্দী ছিলেন। সোমবার সন্ধ্যার পর কারাগারের ভেতর তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
তিনি বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক আমাদের জানিয়েছেন। আজ (মঙ্গলবার) দুপুরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চম্পক কুমার/এসএইচএ
