Published on
:
1 min read
সুন্দরবন লাগোয়া গ্রামের ধান জমিতে দেখা গিয়েছে বাঘের পায়ের ছাপ। এর জেরে আতঙ্ক ছড়িয়েছে বাংলাদেশের সুন্দরবন লাগোয়া সোনাতলা গ্রামে। এক সপ্তাহ ধরে সেখানে দেখা দিয়েছে বাঘ–আতঙ্ক। এর পরেই সেখানকার বাসিন্দাদের সতর্ক থাকতে এলাকায় মাইকিং করছে বন দপ্তর। এর জেরে এলাকার বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
ওই এলাকার গ্রাম এবং জঙ্গলের মধ্যে আছে ভোলা নদী। তবে প্রায় দিনই নদী পার হয়ে গ্রামাঞ্চলে চলে আসছে বাঘ-সহ বিভিন্ন প্রাণী।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে খবর, রবিবার বিকেলের দিকে সুন্দরবন-সংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের একটি মাঠের ধানখেতে বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে। এক সপ্তাহ আগেও ওই গ্রামের পার্শ্ববর্তী নদীর তীরে প্রায় আধ কিলোমিটার ধরে বাঘের হেঁটে চলার ছাপ দেখা গিয়েছিল। এ নিয়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় লোকজনের মধ্যে।
ওই এলাকায় বাঘের গতিবিধি ড্রোনের সাহায্যে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন বন দপ্তরের আধিকারিকরা। তবে এখনও সেখানে বাঘের দেখা পাওয়া যায়নি। এই অবস্থায় তাঁরা আতঙ্কিত বলে জানিয়েছেন বাসিন্দারা। সেই কারণে সাধারণ মানুষকে সচেতন করতে বন বিভাগ, ভিটিআরটি-সহ (ভিলেজ টাইগার রেসপন্স টিম) স্থানীয় স্বেচ্ছাসেবকেরা সবাইকে সচেতন করতে বনসংলগ্ন এলাকাগুলিতে মাইকিং করছে।
ওই এলাকার বাসিন্দাদের এখন রাতে একা বের না হতে পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সোনাতলা গ্রামের স্বেচ্ছাসেবক বাহিনীর আব্দুর লতিফ। এলাকায় কয়েকটি জায়গায় বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে বলেও জানান তিনি।
ইতিমধ্যেই ওই এলাকায় গ্রামের ধানখেতে বাঘের পায়ের ছাপ দেখে এসেছেন বন দপ্তরের কর্মীরা। ড্রোনের সাহায্যে বাঘটি কোন দিকে গিয়েছে তা বোঝার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের আধিকারিক শরিফুল ইসলাম। বাসিন্দাদের আতঙ্ক দূর করতে এলাকায় টহল দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
