রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৮৯টি মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (২৬ অক্টোবর) দিনভর রাজধানীর আটটি ট্রাফিক বিভাগে এই সমন্বিত অভিযান চালানো হয়। অভিযানে আইন ভঙ্গের দায়ে মামলা দেওয়ার পাশাপাশি ৭৫৮টি গাড়ি ডাম্পিং এবং ৪৩৩টি গাড়ি রেকার করা হয়েছে।
বিভাগভিত্তিক মামলার পরিসংখ্যানে জানা যায়, সবচেয়ে বেশি ৪৯২টি মামলা হয়েছে ট্রাফিক-গুলশান বিভাগে, যার মধ্যে ৩৪টি বাস, ১০টি ট্রাক, ৩০টি কাভার্ডভ্যান, ৭১টি সিএনজি ও ১৮৭টি মোটরসাইকেল রয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৪২১টি মামলা হয়েছে ট্রাফিক-মতিঝিল বিভাগে।
এছাড়া ট্রাফিক-উত্তরা বিভাগে ৪০৫টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৪৯টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৩২৫টি, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৫৬টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৪৬টি এবং ট্রাফিক-রমনা বিভাগে ৯৫টি মামলা দায়ের করা হয়। আইন লঙ্ঘনের দায়ে আটক ও ডাম্পিং করা যানবাহনের মধ্যে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার সংখ্যাই সবচেয়ে বেশি।
ঢাকা মহানগর এলাকায় সড়কের শৃঙ্খলা রক্ষা ও চালকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডিএমপির ট্রাফিক বিভাগের এই ধরনের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
