কুমিল্লাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। ঢাকা-চট্টগ্রাম রুটের আন্তনগর মহানগর এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ সম্প্রসারণ করে কক্সবাজার পর্যন্ত চালু করা হয়েছে। এতে কুমিল্লাসহ পাঁচ জেলার যাত্রীরা সরাসরি ট্রেনে কক্সবাজার যাতায়াতের সুযোগ পাচ্ছেন।
সোমবার (২৬ অক্টোবর) রাত ১২টা ৪০ মিনিটে কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা রেলস্টেশনে এসে থামে। প্রথম দিন কুমিল্লা স্টেশন থেকে এ ট্রেনে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করেন ৫৪ জন যাত্রী। নতুন এ সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন যাত্রীরা।
এর আগে সোমবার সন্ধ্যায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস ট্রেনের সম্প্রসারিত সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।
এ সেবার মাধ্যমে নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনী জেলার যাত্রীরা মহানগর এক্সপ্রেসে কক্সবাজার যাতায়াত করতে পারবেন।
কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার শেখ আনোয়ার বলেন, রাত ১২টা ৪০ মিনিটে ট্রেনটি যখন স্টেশনে থামে তখন যাত্রীসহ দর্শনার্থীদের চোখমুখে উচ্ছাস দেখেছি। প্রথমবার ৫৪ জন যাত্রী কুমিল্লা থেকে কক্সবাজারের উদ্দেশ্য ট্রেনে চড়ে বসে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ট্রেনটির যাত্রাপথ সম্প্রসারণের ফলে পাঁচ জেলার মানুষের কক্সবাজার যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি পর্যটনকেন্দ্র কক্সবাজারের সঙ্গে এসব জেলার রেল যোগাযোগেও নতুন মাত্রা যুক্ত হলো।
