বাসের ধাক্কায় বিজেপি নেতার পোষ্য কুকুরের মৃত্যু। সেই ঘটনায় বাসকর্মীকে হেনস্তার অভিযোগ। প্রতিবাদে বাস বন্ধ রেখে আন্দোলনে শামিল বাসকর্মী। হুগলির খানাকুলে ব্যাপক চাঞ্চল্য। যদিও প্রশাসনিক আশ্বাসে বেশ কয়েকঘণ্টা পর স্বাভাবিক হয় পরিষেবা।
জানা গিয়েছে, রবিবার খানাকুলের নতিবপুর-১ পঞ্চায়েত এলাকার জয়রামপুরে গণেশপুরগামী বাসের ধাক্কায় একটি কুকুরের মৃত্যু হয়। ওই কুকুরটি এলাকার বিজেপি নেতা রাজা কোলের পোষ্য। অভিযোগ, ঘটনার পর বাসচালককে তুলে নিয়ে গিয়ে হেনস্তা করা হয়। তারই প্রতিবাদে সোমবার খানাকুলে বাস বন্ধ রেখে প্রতিবাদে শামিল হন বাসকর্মীরা। এই ঘটনায় তাঁরা খানাকুল থানারও দ্বারস্থ হন। খানাকুলের ১৬/২০ রুট বন্ধ থাকার ফলে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। অবিলম্বে ওই বিজেপি নেতাকে গ্রেপ্তার অথবা বাসকর্মীদের কাছে ক্ষমা না চাইলে বাস পরিষেবা বন্ধ থাকবে বলে দাবি করেন বাসকর্মীরা।
এই ঘটনা প্রসঙ্গে খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ বলেন, “গত কয়েকদিন ধরে আরামবাগের রাস্তাঘাটে কুকুরের দুর্ঘটনা ঘটছে। কিছু ক্ষেত্রে চালকদের উদাসীনতাও থাকছে। আবার কোনও কোনও ঘটনা দুর্ঘটনা। সে কারণেই স্থানীয়রা ক্ষুব্ধ। বিজেপি নেতার পোষ্যর মৃত্যুর ফলে উত্তেজিত হয়ে পড়ে এলাকাবাসী। বিক্ষোভ দেখান। উত্তেজিত জনতা চালককে মারধরও করে।” দুর্ঘটনা যাতে না ঘটে তাই চালকদের সতর্ক হয়ে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছেন বিধায়ক। পোষ্য পালকদের আরও সাবধান হওয়ার কথা বলেছেন তিনি।
