নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় বক্তারা জুলাই আন্দোলনের স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে ভবানীগঞ্জ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে মিছিলটি ভবানীগঞ্জ মোড়ে এসে শেষ হয়। সেখান থেকে নেতাকর্মীরা জুলাই স্মৃতিস্তম্ভের সামনে গিয়ে প্রতিবাদ সভায় অংশ নেন।
প্রতিবাদ সভায় নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম বলেন, এই জুলাই স্মৃতিস্তম্ভের পেছনে রয়েছে ছাত্র-জনতার আন্দোলন ও আত্মত্যাগের ইতিহাস। ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলনে অসংখ্য মানুষ জীবন দিয়েছেন, অনেকে আহত হয়ে এখনো কষ্ট ভোগ করছেন। সেই আন্দোলনের স্মৃতিবিজড়িত স্তম্ভে আগুন দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের চেতনা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় আমরা ঐক্যবদ্ধ। যারা অগ্নিসংযোগ ও নাশকতার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
বক্তব্যে তিনি নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকার আহ্বান জানান। পাড়া-মহল্লায় পালাক্রমে পাহারা ও নজরদারির ব্যবস্থা করার কথা উল্লেখ করে বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না। তবে এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন, জেলা স্বেচ্ছাসেবক দলের পৌর আহ্বায়ক আমানত উল্লাহ আমান, সদস্যসচিব সাব্বির ইসলাম চপলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এর আগে শনিবার ভোর চারটার দিকে ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুনে স্মৃতিস্তম্ভটির একাংশ পুড়ে কালো হয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
স্থানীয়দের ভাষ্য, সকালে ঘুম থেকে উঠে এবং দোকান খুলতে এসে তারা স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার বিষয়টি দেখতে পান। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
স্থানীয় ডিম ব্যবসায়ী আব্দুর রশিদ বলেন, সকালে ঘুম থেকে উঠে সেখানে এসে দেখি জুলাই স্মৃতিস্তম্ভে কে বা কারা আগুন দিয়েছে। যারা এ কাজ করেছে, তারা ঠিক করেনি। এটি অন্যায়।
স্থানীয় চা দোকানি খোকন বলেন, প্রতিদিনের মতো সকাল ছয়টার দিকে দোকান খুলতে এসে দেখি স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়েছে। এতে স্তম্ভটির একাংশ পুড়ে কালো হয়ে গেছে। তবে কারা এ কাজ করেছে, তা তিনি দেখেননি।
এ বিষয়ে নাটোর জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আব্দুস সামাদ শিশির বলেন, তিনি আগে এ বিষয়ে অবগত ছিলেন না। ঘটনার বিস্তারিত জেনে পরে জানাতে পারবেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, রাতে পুলিশের টহল চলছিল। আগুন দেওয়ার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় জড়িতদের তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।
নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আক্তার হামিদ খান বলেন, সরকারি নম্বরে আগুন দেওয়ার খবর পাওয়ার পর ঘটনাস্থলে যাওয়ার আগে টহলরত পুলিশের মাধ্যমে জানতে পারেন, আগুন নিভে গেছে। এ কারণে পরে আর সেখানে যাওয়া হয়নি।
