নেপাল প্রিমিয়ার লিগে পাকিস্তানের ক্রিকেটারদের খেলার ছাড়পত্র দিতে নাকি টাকা চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এমনটাই অভিযোগ করেছে নেপাল। তাদের অভিযোগ, প্রত্যেক ক্রিকেটারের জন্য ২৫ লক্ষ টাকা চাইছেন মহসিন নকভির নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট বোর্ড।
‘ক্রিকইনফো’ জানিয়েছে, নেপালের লিগে খেলার জন্য এখনও ক্রিকেটারদের ছাড়পত্র দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। যে কয়েক জনকে ছাড়পত্র দেওয়া হয়েছিল, তাদের অনুমতি আপাতত স্থগিত রাখা হয়েছে।
নেপালের লিগে খেলার কথা পাকিস্তানের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক সাহিবজ়াদা ফারহান, হায়দার আলি, হুনাইন শাহ, হুসেন তলত, ইফতিখার আহমেদ, হাসান আলি ও উসামা মিরের। তাঁদের মধ্যে কয়েক জন নেপালে পৌঁছেও গিয়েছেন। কিন্তু খেলার অনুমতি পাচ্ছেন না। যাঁরা যাননি, তাঁরা পাকিস্তানেই রয়েছেন। সোমবার থেকে শুরু লিগ। কবে ছাড়পত্র পাবেন, জানেন না ক্রিকেটারেরা।
এর আগে আমেরিকার মেজর লিগ সকারে খেলার ছাড়পত্র দেওয়ার জন্যও টাকা চাওয়ার অভিযোগ উঠেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর। সেই সময়ও প্রত্যেক ক্রিকেটারের জন্য ২৫ লক্ষ টাকা করে চাওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে একমাত্র হ্যারিস রউফই সেই লিগে খেলেছিলেন। কারণ, তাঁর দল সান ফ্রান্সিসকো ইউনিকর্ন সেই টাকা দিয়েছিল পাক বোর্ডকে।
জানা গিয়েছে, পাকিস্তানই একমাত্র ক্রিকেট বোর্ড যারা নিজেদের ক্রিকেটারদের বিদেশের লিগে খেলতে পাঠানোর জন্য টাকা চাইছে। এই ঘটনার ক্ষুব্ধ আয়োজকেরা। এমনিতেই ক্রিকেটারদের কিনতে হয় দলগুলিকে। তার পর যদি আবার সংশ্লিষ্ট বোর্ডকে টাকা দিতে হয়, তা হলে বাড়তি সমস্যা। এই পরিস্থিতিতে ভবিষ্যতে পাকিস্তানের ক্রিকেটারদের বিদেশের লিগে খেলতে সমস্যা হতে পারে। সে রকম হলে দায়ী থাকবেন নকভিরাই।
