দিল্লির গুরুত্বপূর্ণ নর্থ ব্লক চত্বরে আগুন। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োয় দেখা গিয়েছে, নর্থ ব্লকের পিছন দিক থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসছে। তবে আগুন ঠিক কোথায় লেগেছে, কী ভাবে লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে নর্থ ব্লক সংসদ ভবনের খুব কাছে অবস্থিত হওয়ায় স্বাভাবিক ভাবেই আগুন লাগার খবরে শোরগোল পড়ে গিয়েছে।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, কালো ধোঁয়া বেরোনোর খবর পেয়েই ফোন যায় দমকলের কাছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছে দমকলের অন্তত ছ’টি ইঞ্জিন। তবে দমকল কর্তৃপক্ষের তরফে এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি।
সোমবার সকালে সংসদ ভবনের দিকে যাচ্ছিলেন শিবসেনার সাংসদ মিলিন্দ দেওরা। তিনি নর্থ ব্লকের পিছন দিকে কালো ধোঁয়া দেখতে পান। সেই ছবি তিনি সমাজমাধ্যমে পোস্টও করেন। লেখেন, “সংসদের দিকে যাওয়ার সময় দেখলাম নর্থ ব্লকের পিছন দিক থেকে ঘন কালো ধোঁয়া বেরিয়ে আসছে। মনে হচ্ছে এটা অগ্নিকাণ্ডের ঘটনা। আশা করি সকলে নিরাপদে রয়েছেন। নিশ্চয়ই আপৎকালীন পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ করা হবে।”
কলকাতা থেকে ব্রিটিশেরা দেশের রাজধানী দিল্লিতে সরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়ার পরে দিল্লির রাইসিনা হিলসের উপরে তৈরি হয়েছিল নর্থ ব্লক ও সাউথ ব্লক। এই কয়েক দিন আগে পর্যন্তও সেখানেই ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, বিদেশ মন্ত্রক, অর্থ মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক, প্রধানমন্ত্রীর দফতর, কর্মিবর্গ দফতর। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সেন্ট্রাল ভিস্টা প্রকল্পে ১০টি নতুন বহুতল সচিবালয় ভবন তৈরি করে সেখানে সমস্ত মন্ত্রক সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। স্থির হয় নর্থ ব্লক ও সাউথ ব্লকে সংগ্রহশালা তৈরি হবে। সেই মতোই নর্থ ব্লকে থাকা অর্থ মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রককে নতুন জায়গায় স্থানান্তর করা হয়।
