
আগামী ৩১ অক্টোবর চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা অনলাইনে, এসএমএসের মাধ্যমে ও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
মঙ্গলবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩১ অক্টোবর সকাল ১১টার দিকে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের মাধ্যমে ফল ঘোষণা করা হবে।
এতে আরও বলা হয়, আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন ও এসএমএসের মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফল জানতে পারবেন।
অনলাইনে ফল জানবেন যেভাবে
eduboardresults.gov.bd অথবা educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে ফল জানা যাবে। এছাড়া শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল জানতে পারবেন। ফল দেখতে শিক্ষার্থীদের পরীক্ষার নাম, শিক্ষা বোর্ড ও পরীক্ষার বছর (২০২৬) নির্বাচন করতে হবে। এরপর রোল ও রেজিস্ট্রেশন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল দেখা যাবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ওয়েবসাইটের ‘Result’ বিভাগে গিয়ে নিজ নিজ বোর্ড নির্বাচন করে শিক্ষাপ্রতিষ্ঠান শনাক্তকরণ নম্বর (ইআইআইএন) দিয়ে ফলাফলের শিট ডাউনলোড করতে পারবে। শিক্ষার্থীরা সরাসরিও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহ করতে পারবেন।
মোবাইল ফোন থেকে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠিয়ে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন। এজন্য মেসেজ অপশনে প্রথমে HSC লিখতে হবে। এরপর একটি স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখতে হবে। প্রতিটি তথ্যের মাঝে স্পেস দিতে হবে।
উদাহরণ: HSC DHA 123456 2026 লিখে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
যেসব শিক্ষার্থীরা ফল পুনর্নিরীক্ষণ করতে চান, তারা ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে পাওয়া যাবে।
চলতি বছর ১১ শিক্ষাবোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষা অংশ নিয়েছেন। গত ২ জুলাই পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ৮ আগস্ট। মাঝে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। ওই বোর্ডে ৯ সেপ্টেম্বর পর্যন্ত লিখিত পরীক্ষা নেওয়া হয়।
The post এইচএসসির ফল প্রকাশ শনিবার: যেভাবে জানা যাবে appeared first on অর্থসূচক.
