গুদামভর্তি ছিল পাট, পেঁয়াজ, রসুন ও চাল। কিন্তু লেলিহান আগুনের সর্বনাশা থাবায় মুহূর্তের মধ্যেই সব ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের এই ভয়াবহ বিপর্যয়ে ব্যবসার সব পুঁজি হারিয়ে এখন সম্পূর্ণ নিঃস্ব ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইমরুল হাসান।
সরেজমিনে গিয়ে দেখা যায় এক হৃদয়বিদারক দৃশ্য। পুড়ে যাওয়া গুদামের ছাইয়ের স্তূপের সামনে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন ইমরুল হাসান। চোখের কোণে জমে থাকা জল শুকিয়ে গেলেও মুখের অবয়বে ফুটে উঠেছে সীমাহীন হাহাকার। বাতাসের সাথে এখনো মিশে আছে শত শত মণ পোড়া পেঁয়াজ, রসুন, পাট ও চালের কটু গন্ধ। যে মালামালগুলো ছিল তার জীবন-জীবিকার একমাত্র সম্বল, সেগুলো এখন স্রেফ পোড়া স্তূপ ছাড়া আর কিছুই নয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে গুদামে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এই অগ্নিকাণ্ডে ইমরুল হাসান ছাড়াও আরও সাতটি গুদাম সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়েছে। ব্যবসার সব পুঁজি হারিয়ে এখন দিগ্বিদিকশূন্য হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
কান্নাজড়িত কণ্ঠে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইমরুল হাসান জানান, তার গুদামে ২০০ মণ পেঁয়াজ, ১৫০ মণ পাট, ৫০ মণ রসুন এবং ৪০ মণ চাল ছিল। আগুনে সব ভস্মীভূত হওয়ায় তার প্রায় ২০ থেকে ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি আরও জানান, নিজের পুঁজির পাশাপাশি স্থানীয় কৃষি ব্যাংক থেকে ১০ লাখ টাকা ঋণ নিয়ে তিনি এসব মালামাল তুলেছিলেন। এখন এই বিশাল ঋণ কীভাবে পরিশোধ করবেন; এ কথা বলতে গিয়ে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন।
ইমরুল হাসান আক্ষেপ প্রকাশ করে বলেন, তিনি শৈশব থেকেই জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি করে আসছেন। দলের দুর্দিনে মিথ্যা মামলা ও হামলার শিকারও হতে হয়েছে তাকে। কিন্তু জীবনের এত বড় দুর্ঘটনায় দলের কোনো নেতাকর্মী তার খোঁজ নেননি, এমনকি ন্যূনতম সমবেদনা জানাতেও কেউ এগিয়ে আসেননি।
এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব জানান, 'অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সঠিক তালিকা প্রস্তুত করার কাজ চলছে। সরকারিভাবে তাদের পুনর্বাসনের জন্য সর্বাত্মক সহায়তার চেষ্টা করা হবে।'
