দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে প্রতিদিনই কমতে শুরু করেছে তাপমাত্রা। হিমেল বাতাসে যেন সেই শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিচ্ছে।
আজ সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯ টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস। এসময় বাতাসের জলীয় বাষ্পের পরিমান ছিল ৯০ শতাংশ। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াস।
এর আগে গতকাল একই সময় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করলেও আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রতিদিনই তাপমাত্রা কমতে শুরু করেছে। যেকারণে সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। এবং উত্তরের হিমেল বাতাসে শীতের অনুভূতি আরও বেশি বাড়িয়ে দিচ্ছে।
ভ্যান চালক রশিদ বলেন, জীবিকার তাগিদে সকালে ভ্যান নিয়ে বের হই কিন্তু দিন দিন শীত আরও বেশি অনুভূত হচ্ছে। সকাল বেলা যাত্রী পাওয়া যায়না। অনেক ঠান্ডা লাগে। রোদ উঠলে আরও গরম লাগে।
হাফেজ তুষার বলেন, ভোর রাত থেকে নামাজের পর আরও বেশি ঠান্ডা লাগে। কাথা কম্বল নিয়ে ঘুমাতে হয়। দিন ও রাতের তাপমাত্রা কমছে ফলে ঠান্ডার তীব্রতাও বাড়ছে।
এদিকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, পঞ্চগড়ের তাপমাত্রা কমতে শুরু করেছে। সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত কুয়াশা থাকছে। দিন ও রাতের তাপমাত্রা কমছে সাথে উত্তরের হিমেল বাতাসে শীতের অনুভূতি আরও বেশি বাড়িয়ে দিচ্ছে। তবে পুরোপুরি শীত আসতে আরও সময় বাকি রয়েছে।
