ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিস্ফোরক মামলার আসামি এক এনসিপি নেতাকে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে তার সমর্থকদের বিরুদ্ধে। পরে আসামিকে ছিনিয়ে নিতে থানায়ও উত্তেজনা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে এসআইসহ অন্তত চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় উপজেলা এনসিপির নেতাকর্মী ও আসামির স্বজনদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।
রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মোগড়া বাজার এলাকা থেকে বিস্ফোরক মামলার আসামি ছায়েব আলীকে গ্রেপ্তার করে আখাউড়া থানা পুলিশ। তিনি আখাউড়া উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। এর আগে ২০১৮ সালে জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে যোগ দেন ছায়েব আলী। পরে তিনি মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান। ছায়েব আলী আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের ঘনিষ্ঠ হিসেবে এলাকায় টেন্ডার বাণিজ্যের সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ছায়েব আলীকে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে তার সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। পরে উপজেলা এনসিপির নেতাকর্মী ও ছায়েব আলীর পরিবারের সদস্যরা থানায় গিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এতে এসআই জাহিদসহ থানার অন্তত চার পুলিশ সদস্য আহত হন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিস্ফোরক মামলার আসামি ছায়েব আলীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময় তার লোকজন পুলিশের ওপর হামলা চালায়। পরে থানায় ঢুকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
ওসি আরও জানান, গ্রেপ্তার ছায়েব আলীকে রাতেই ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
