মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে গোসল করতে নেমে বেসরকারি প্রতিষ্ঠানের দুই স্টাফ নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
সোমবার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন, শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের স্টাফ মো. মারুফ (২০)। তার বাড়ি ঢাকার খিলগাঁও এলাকায়। অন্যজন পটুয়াখালী জেলার মো. রাসেল (৩৫)।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুরে শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের আটজন স্টাফ পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তাদের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকি দুজন নিখোঁজ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধারে অভিযান শুরু করে। যোগ দেয় কোস্টগার্ডের সদস্যরা।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, নিখোঁজ দুজনকে উদ্ধারে ডুবুরি দলের অভিযান চলছে। তাদের উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। তবে সোমবার সন্ধ্যা ৭টা পর্যন্ত তাদের হদিস পাওয়া যায়নি।
