তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে কৃপেশ রায় (৪০) নামে এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার রাজারগাঁও এলাকায় উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্ত কৃপেশ রায় উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের রাজারগাঁও গ্রামের ক্ষিতীন্দ্র চন্দ্র রায়ের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও মুসল্লিদের সূত্রে জানা গেছে, গত রোববার (২৫ অক্টোবর) কৃপেশ রায় নামের একটি ফেসবুক আইডি থেকে মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্যসংবলিত একটি পোস্ট দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। পোস্টটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় মুসল্লি ও বাসিন্দাদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ ঘটনায় এলাকায় ধর্মীয় সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দেয়।
তবে কৃপেশ রায় তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, পারিবারিক জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে একই গ্রামের তাঁর চাচাতো ভাই পন্টি রায় তাঁকে ফাঁসানোর উদ্দেশ্যে তাঁর ফেসবুক আইডি ব্যবহার করে অথবা ভুয়া পোস্ট দিয়ে তাঁকে এ ঘটনায় জড়ানোর চেষ্টা করেছেন।
কৃপেশ রায় জানান, এ বিষয়ে আইনি সুরক্ষা চেয়ে সোমবার সকালে তিনি নিজেই তাহিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কৃপেশ রায় দাবি করেছেন, একটি চক্র তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে। এ বিষয়ে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ওসি আরও বলেন, কৃপেশ রায়কে পুলিশ হেফাজতে নিয়ে বিষয়টি যাচাই করা হচ্ছে। তাঁর ফেসবুক আইডি হ্যাক হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা হবে।
