রাজবাড়ীতে ব্যতিক্রম আয়োজনে দেশের জনপ্রিয় দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর নতুনপাড়া এলাকায় জয়েনউদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কেক কাটা, মিষ্টি বিতরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা, শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত করেন হাফেজ মাওলানা মাসুম বিল্লাল। কালবেলা রাজবাড়ী জেলা প্রতিনিধি মোমিন শেখের আয়োজনে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ শহীদুল ইসলাম হিরণ। বিশেষ অতিথি ছিলেন জয়েনউদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা হাফেজ মো. জহিরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন- দৈনিক নয়াকণ্ঠের সম্পাদক মো. আনিসুর রহমান, শিক্ষক আজাহার ইসলাম, দৈনিক জনতার বিজয়ের সহ-সম্পাদক এহসানুল মাহবুব জুবায়ের ও সাংবাদিক শারীদ মোল্লা, সাংবাদিক মো. হাসান খান, সাংবাদিক শাহীন আলমসহ বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
আলোচনা সভায় শিক্ষক আজাহার ইসলাম বলেন, এতিম শিশুদের সঙ্গে নিয়ে দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের এ ব্যতিক্রমী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। কালবেলা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও পত্রিকাটি সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সাধারণ মানুষের কথা তুলে ধরবে, এটাই প্রত্যাশা। কালবেলার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।
জয়েনউদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা হাফেজ মো. জহিরুল ইসলাম বলেন, এতিম শিশুদের নিয়ে দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ আয়োজনে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরা আনন্দিত। কালবেলা যেন সবসময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে পারে, সেই দোয়া করি।
কালবেলার রাজবাড়ী জেলা প্রতিনিধি মোমিন শেখ বলেন, দৈনিক কালবেলা চার বছরের পথচলা পূর্ণ করেছে। এ উপলক্ষে রাজবাড়ীবাসীসহ সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। কালবেলা সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং তৃণমূলের মানুষের সুখ-দুঃখ ও পিছিয়ে থাকা খবর সবার আগে তুলে ধরার চেষ্টা করে। আগামী দিনেও এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে রাজবাড়ীবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি। ব্যতিক্রমী আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের পাশাপাশি পত্রিকাটির সম্পাদক ও প্রকাশকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ শহীদুল ইসলাম হিরণ বলেন, দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। কালবেলার রাজবাড়ী জেলা প্রতিনিধি মোমিন শেখসহ পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এতিম শিশু ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের এ আয়োজন সত্যিই ব্যতিক্রমী ও প্রশংসনীয়।
তিনি আরও বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এ পেশার মাধ্যমে মানুষের সেবা করার এবং তৃণমূলের মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না ও না বলা কথা তুলে ধরার সুযোগ রয়েছে। রাজবাড়ীতে কালবেলার অনলাইন সংবাদ প্রকাশের ক্ষেত্রে দ্রুততা ও সক্রিয়তা লক্ষ্য করা যায়। এ জন্য জেলা প্রতিনিধি মোমিন শেখকেও ধন্যবাদ জানাই।
তিনি বলেন, আগামী দিনেও কালবেলা সাধারণ মানুষের পাশে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থে কাজ করে যাবে বলে আশা করি। পত্রিকাটির সম্পাদক, প্রকাশকসহ সংশ্লিষ্ট সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। একই সঙ্গে কালবেলার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত করা হয়। পরে এতিম শিশুদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও এতিম শিশু ও আগত অতিথিদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ করা হয় এবং মিষ্টি মুখ করানো হয়। এ ছাড়া এতিমখানার শিশুরা কালবেলার সফলতার জন্য কোরআন খতম করেন।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা একসঙ্গে কেক কাটেন এবং পত্রিকার সার্বিক সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে স্থানীয় সাংবাদিক ও সুধীজনদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
