রঞ্জিতে ৭ উইকেটে নির্বাচকদের ‘জবাব’ সারাংশ জৈনেরছবি: X
Published on
:
2 min read
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের জন্য ভারতীয় দলে জায়গা হয়নি। তাতে দমে যাননি মধ্যপ্রদেশের এই স্পিনার। এ বার রঞ্জি ট্রফিতে বল হাতে নজর কাড়লেন সারাংশ জৈন। একাই ৭ উইকেট তুলে নিয়ে ধস নামালেন বিহারের ইনিংসে। ৩৩ বছপর বয়সি সারাংশের স্পিনের জাদুতে মাত্র ৯৯ রানে অল আউট হয়ে গেল বিহার। প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে এটাই সেরা বোলিং পরিসংখ্যান সারাংশের। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে জাতীয় দলে অভিষেক হয়েছিল তাঁর। দক্ষতার প্রমাণ দিয়েও নিউ জ়িল্যান্ড সফরে বাদ পড়ার জবাব দিলেন ঘরোয়া ক্রিকেটে এমন পারফরম্যান্সে।
সারাংশের স্পিনে দিশেহারা বিহারের ব্যাটাররা
সোমবার রঞ্জি ট্রফির ম্যাচ বিহারের বিরুদ্ধে নেমেছিল মধ্যপ্রদেশ। এই ম্যাচে শুরু থেকেই ছন্দে ছিলেন সারাংশ। ১৩ ওভার বোলিং করে ৪০ রান দিয়ে ৭ উইকেট তুলে নেন ৩৩ বছরের এই স্পিনার। প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে এটাই তাঁর সেরা বোলিং পরিসংখ্যান। সারাংশের দাপটে বিহারের ব্যাটিং লাইনআপ কার্যত ভেঙে পড়ে।
প্রথমে আয়ুষ লোহরুকা, অধিনায়ক সাকিবুল গনি এবং আকাশ রাজকে ফিরিয়ে দেন তিনি। এর পর একে একে রঘুবেন্দ্র প্রতাপ সিং, আদিত্য রাজ, সুরজ কাশ্যপ ও হিমাংশু সিংয়ের উইকেট তুলে নেন সারাংশ। তাঁর দাপটে মাত্র ৩০.৩ ওভারে ৯৯ রানে গুটিয়ে যায় বিহারের ইনিংস।
প্রথম শ্রেণির ক্রিকেটে সারাংশের পরিসংখ্যান
মধ্যপ্রদেশের হয়ে এখনও পর্যন্ত ৫৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন সারাংশ। ব্যাট হাতে করেছেন ২৩১২ রান। বল হাতে তাঁর ঝুলিতে রয়েছে ১৯৫টি উইকেট। বোলিং গড় ২৮.২৩। বিহারের বিরুদ্ধে সাত উইকেট নিয়ে নিজের সেরা বোলিং করার পরে ফের আলোচনায় উঠে এলেন সারাংশ। জাতীয় দলের দরজা আপাতত বন্ধ থাকলেও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে যেন উত্তর দিলেন সমস্ত প্রশ্নের।
৩৩ বছর বয়সে ভারতের হয়ে টেস্ট অভিষেক
২০২৬ সালের শুরুর দিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতের হয়ে প্রথম খেলতে নেমেছিলেন ৩৩ বছর বয়সি সারাংশ। ১৯৯৮ সালের পরে সবচেয়ে বেশি বয়সে টেস্ট অভিষেক করা ভারতীয় ক্রিকেটার হয়ে নজিরও গড়েন। ওই ম্যাচে তিনটি উইকেট নিয়েছিলেন সারাংশ।
তবে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের দলে জায়গা হয়নি তাঁর। সেই হতাশার পরে রঞ্জিতে ট্রফিতে এমন দাপুটে বোলিংয়ে যেন নির্বাচকদের বার্তা দিলেন মধ্যপ্রদেশের এই স্পিনার।