ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নে রানু (২৫) নামে এক মেয়ের বিরুদ্ধে তার ৮০ বছর বয়সী মাকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর) রাতে ইউনিয়নের ডেইলিয়া গ্রামের বাদশাহ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সেতারা বেগম (৮০) ওই বাড়ির মৃত আবুল হোসেনের স্ত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, রানু মানসিকভাবে অসুস্থ বলে দাবি করছেন এলাকাবাসী। ঘটনার সময় তিনি ধারালো বটি দিয়ে মাকে কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। এরপর ঘরের দরজা বন্ধ করে ভেতরে অবস্থান করছিলেন তিনি। এসময় তার হাতে বটি-দা ছিল বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনও জানা যায়নি।
এ বিষয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজিম নোমান বলেন, স্থানীয়দের কাছ থেকে ঘটনা শোনামাত্র পুলিশ গিয়ে ঘর থেকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকা সেতারা বেগমের লাশ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা রানুর মানসিক সমস্যা রয়েছে। তবে কি কারণে তিনি হত্যাকাণ্ড ঘটিয়েছে এ বিষয়ে তদন্ত করছে পুলিশ।
