Published on
:
1 min read
জোড়া ম্যাচে জয় দিয়ে এ বারের রঞ্জি অভিযান শুরু করেছে বাংলা। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই সাফল্যের দেখা পেয়েছে লক্ষ্মীরতন শুক্লার ছেলেরা। কিন্তু জয় দিয়ে শুরু করলেও তৃতীয় ম্যাচের শুরুটা কিছুটা হলেও হোঁচট খেল। কেরালার বিরুদ্ধে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথম দিনে শেষে বাংলার রান ৬ উইকেটে ১৭২।
বৃষ্টির জন্য দেরিতে শুরু
এ দিন ম্যাচটা বৃষ্টির জন্য দেরিতে শুরু হয়। আগে থেকে বৃষ্টির পূর্বাভাস ছিল। দেরিতে শুরু হলে ব্যাটিং বিপর্যয় দেখা যায় বাংলা শিবিরে। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন ১৭ বল খেলে মাত্র ১০ রান করে প্যাভিলিয়নে ফেরেন। তবে অন্য ওপেনার অঙ্কুর রান ক্রিজ়ে টিকে থেকে বড় রান করেন। ৮০ বলে ৬৬ রানের ইনিংস আসে তাঁর ব্যাট থেকে। আমির গনি ১৪ রানে ফেরেন।
কম রানে টপ অর্ডারের দুই ব্যাটার ফিরে যাওয়ার পর দলের হাল ধরেন অঙ্কুর ও সুদীপ কুমার ঘরামি। কিন্তু সেটাও খুব একটা সুখের হয়নি। দলের রান যখন ১০২, তখন আউট হন অঙ্কুর। এর পর একের পর এক উইকেট হারাতে থাকে বাংলা। মাত্র ৬ রানে ফেরেন সুদীপ চট্টোপাধ্যায়, ঠিক তার পরের বলেই আউট হন দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করা অভিষেক পোড়েল, তিনি গোল্ডেন ডাক হন। ১০২ রানে তিন উইকেট থেকে ১০৮ রানে ৫ উইকেট হয়ে যায় বাংলা।
দিনের শেষে ক্রিজ়ে রয়েছেন শাহবাজ় আহমেদ (৩৫) ও সুমন্ত গুপ্ত (১)। কেরালার হয়ে তিনটে উইকেট নিয়েছেন আদিত্য সারওয়াতে। দুটি উইকেট নেন এন বাসিল ও একটি উইকেট তোলেন এমডি নিদেশ।
