বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের মোমেশেপাড়া-নয়াপাড়া খালের ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ লোহার সেতুটি ভেঙে পড়েছে। এতে দুই পাড়ের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ ও শিক্ষার্থী।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে সেতুটি খালে ভেঙে পড়ে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ১৫ বছর আগে বড়বগী ইউনিয়নের মোমেশেপাড়া-নয়াপাড়া খালের ওপর ১০০ মিটার দীর্ঘ লোহার সেতুটি নির্মাণ করা হয়। দীর্ঘদিন প্রয়োজনীয় সংস্কার না করায় সেতুটির লোহার অ্যাঙ্গেলগুলো ক্ষয় হয়ে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এই সেতু দিয়ে মোমেশেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিএন.এ. মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী নিয়মিত যাতায়াত করত। সেতুটি ভেঙে যাওয়ায় নয়াপাড়া ও মোমেশেপাড়া এলাকার সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থীদের চলাচলও বন্ধ হয়ে গেছে। ফলে ব্যাহত হচ্ছে তাদের নিয়মিত পাঠদান।
শিক্ষার্থী হাসিবুর রহমান বলেন, সেতু ভেঙে যাওয়ার আগে ঝুঁকি নিয়ে পারাপার হয়েছি। আর এখন তো স্কুলে যাওয়া বন্ধ রয়েছে। তাই যাতায়াতের জন্য দ্রুত বিকল্প ব্যবস্থার দাবি জানাচ্ছি।
মোমেশেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিদ জোমাদ্দার বলেন, রাতে হঠাৎ করে সেতুটি ভেঙে যায়। এটি অনেক বছর ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এখন দুই পাড়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। দ্রুত এখানে নতুন একটি সেতু নির্মাণ করা জরুরি।
এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার বলেন, আপদকালীন চলাচলের সুবিধার্থে উপজেলা প্রকৌশল অধিদপ্তরকে প্রাক্কলন (এস্টিমেট) তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। প্রাক্কলন চূড়ান্ত হলে দ্রুত একটি কাঠের পোল নির্মাণের ব্যবস্থা করা হবে।
সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি ডা. সেলিম আকতারকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৯ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সেলিম আকতার চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর বড় মেয়ের জামাই। তিনি চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিবি বলেন, ‘রবিবার রাত ৮টার দিকে নগরীর দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় পাথরবাহী ট্রাকের নিচে চাপা পড়ে মো. জাহিদ উদ্দিন (৫০) নামে এক শ্রমিক নেতা নিহত হয়েছেন।
রবিবার (২৯ নভেম্বর) বিকেলে স্থলবন্দরের জিরোপয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদ উদ্দিন শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বালিয়াদিঘী গ্রামের মৃত মুদ্দিনের ছেলে। তিনি সোনামসজিদ স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন সমন্বয়ের সদস্য এবং কুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে নিজ বাড়ি থেকে ভ্যানে চড়ে সোনামসজিদ স্থলবন্দর এলাকার দিকে যাচ্ছিলেন শ্রমিক নেতা জাহিদ উদ্দিন। পথে স্থলবন্দরের জিরোপয়েন্ট এলাকায় একটি ভারতীয় পাথরবাহী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই চালক ট্রাক ফেলে পালিয়ে যান।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোনামসজিদ স্থলবন্দর এলাকায় ভারতীয় পাথরবাহী ট্রাকের নিচে চাপা পড়ে জাহিদ নামে এক শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে পীর-মাশায়েখদের ভূমিকা অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন আমিরে হিযবুল্লাহ ও আমিরে শরিয়ত আলহাজ হযরত মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)।
ছারছীনা দরবার শরীফের ১৩৬তম তিন দিনব্যাপী ইছালে ছাওয়াব মাহফিলের প্রথম দিন ২৯ নভেম্বর, রবিবার বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পীর ভাই-মুহিব্বিনদের উদ্দেশে তিনি বলেন, ‘ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে পীর-মাশায়েখদের ভূমিকা অনস্বীকার্য। যুগে যুগে হক্কানি পীর-মাশায়েখ ও আল্লাহওয়ালাগণ তাদের ত্যাগ, সাধনা ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে মানুষের মধ্যে দ্বীনের আলো ছড়িয়ে দিয়েছেন। কোরআন-সুন্নাহর আদর্শে জীবন গঠন, আত্মশুদ্ধি, নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দিয়ে সমাজকে সঠিক পথের দিশা দেখিয়েছেন।’
তিনি বলেন, পীর-মাশায়েখদের দায়িত্ব মানুষের ঈমান-আকিদা সুদৃঢ় করা, আমল-আখলাক সংশোধন এবং ব্যক্তি ও সমাজজীবনে ইসলামের আদর্শ প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাওয়া। আমাদের পূর্বসূরি বুযুর্গানে দ্বীন তাদের জীবন ও কর্মের মাধ্যমে যে দ্বীনি আদর্শ রেখে গেছেন, তা ধারণ ও অনুসরণ করা আমাদের দায়িত্ব।
পীর ভাই-মুহিব্বিনদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘নিজেদের জীবন সুন্নাহর আলোকে গড়ে তোলার পাশাপাশি সমাজে দ্বীনের শিক্ষা, শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দিতে হবে। দ্বীনের খেদমতে ব্যক্তিগত স্বার্থ নয়, আল্লাহর সন্তুষ্টিই হবে মূল লক্ষ্য।’
মাহফিলের প্রথম দিনে জোহরের নামাজ আদায় এবং পীর ছাহেব হুজুর ও উপস্থিত মুসল্লিদের কাছে দোয়া নিতে আসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহাম্মদ সোহেল মঞ্জুর এমপি।
এ সময় উপস্থিত সবার উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের এই স্বাধীন বাংলাদেশ রক্ষার দায়িত্ব আমাদেরই। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদা অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে। দেশ ও জাতির কল্যাণে পারস্পরিক সহযোগিতা, দেশপ্রেম ও ঐক্যের বিকল্প নেই। আমরা সবাই মিলে এ দেশের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে কাজ করব, ইনশাআল্লাহ।’
প্রথম দিনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী, নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ প্রমুখ।
মাহফিলের প্রথম দিনে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলির ওপর বিষয়ভিত্তিক আলোচনা করেন মাওলানা আবদুল গফফার কাসেমী, মাওলানা আ. জ. ম. ওবায়দুল্লাহ, মাওলানা আ. জ. ম. অহিদুল আলম প্রমুখ।
আজ ৩০ নভেম্বর মাহফিলের দ্বিতীয় দিন। আগামী ১ ডিসেম্বর মঙ্গলবার বাদ জোহর তিন দিনব্যাপী মাহফিলের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনায় হযরত পীর ছাহেব কেবলা আখেরি মোনাজাত পরিচালনা করবেন।
নিরাপত্তা ঝুকিতে গোপালগঞ্জ হয়ে খুলনা থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার রাত থেকে গোপালগঞ্জ ও পদ্মাসেতু হয়ে দূরপাল্লার কোন রুটেই বাস চলাচল করেনি। টিকিট কাউন্টারগুলো বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তি পড়েছেন সাধারণ যাত্রীরা।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ২৯ ও ৩০ নভেম্বর লকডাউন ঘিরে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) সকাল থেকে বাস না পেয়ে যাত্রীদের সোনাডাঙ্গা বাস টার্মিনাল, রয়েল মোড় ও সাতরাস্তা মোড়ে কাউন্টার থেকে ফিরে যেতে দেখা যায়। তবে দুয়েকটি লোকাল বাস খুলনা-যশোর-মাগুরা-ফরিদপুর-ভাঙা হয়ে পদ্মাসেতু দিয়ে চলার চেষ্টা করছে। সকাল সাড়ে ৯টার দিকে যাত্রী নিয়ে একটি বাস সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে বিকল্প পথে ঢাকায় রওয়ানা হয়। বাসের চালক মো. ইব্রাহিম জানান, তারা ফরিদপুর ভাঙা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় যাওয়ার চেষ্টা করবেন। না পারলে পাটুরিয়া ফেরি ঘাট- মানিকগঞ্জ হয়ে ঢাকায় যাবেন। তবে বিকল্প পথে ঢাকায় যেতে ১০০ কিলোমিটারের বেশি পথ ঘুরতে হবে। এতে ভাড়া বেড়েছে দ্বিগুনের বেশি। সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় অনেকে বেশি ভাড়া দিয়ে ঝুকি নিয়ে ঢাকায় যাওয়ার চেষ্টা করছেন।
লোকাল বাসের যাত্রী মশিউর রহমান জানান, চারশ টাকার ভাড়া এক হাজার নিয়েছে। তারপরও ঢাকায় পৌছাতে পাররো কিনা অনিশ্চিত। চার ঘন্টায় আগে খুলনা থেকে ঢাকায় যাওয়া যেতো। কিন্তু এখন সাত ঘন্টায়ও পৌছাতে পারব কিনা জানি না।
পদ্মা সেতু ও গোপালগঞ্জ হয়ে খুলনা থেকে ঢাকাগামী বাসের পাশাপাশি চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, বরিশাল ও রাজবাড়ীসহ বেশ কয়েকটি দূরপাল্লার রুটের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ খান জানান, যাত্রীদের নিরাপত্তা এবং পরিবহন ও জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কায় গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প রুটে বাস চলাচল করবে।
এর আগে ১৯ অক্টোবরও লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছিল।
উল্লেখ্য খুলনা-ঢাকা রুটে খুলনার ১৬টি পরিবহনের প্রায় সাড়ে তিনশ বাস নিয়মিত চলাচল করে। খুলনা থেকে বাস চলাচল বন্ধ থাকায় ট্রেনে করে খুলনা-ঢাকা রুটে যাত্রীর চাপ বেড়েছে। মাকসুদ রহমান/এসএন
২০৫০ সালের চাহিদা ও উপযোগিতা বিবেচনায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়কে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে দক্ষ জনবল কাঠামো প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতা চেয়েছে জাতীয় সংসদ সচিবালয়। একই সঙ্গে বাংলাদেশ পার্লামেন্টারি সার্ভিসের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নের বিষয়েও আলোচনা হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) সংসদ ভবনে জাতীয় সংসদ সচিবালয়ের জনবল সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির চতুর্থ সভায় এসব বিষয়ে আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এতে চিফ হুইপ নূরুল ইসলাম মনি, হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কাজী রফিকুল ইসলাম, মো. সেলিম রেজা, মো. মাহবুবুল আলম ও মোসাম্মৎ শাম্মী আক্তার অংশ নেন।
সভায় আগের বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ ছাড়া সংসদ সচিবালয়ের সব গাড়িচালকের শারীরিক সক্ষমতা সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করা হয়। ইউএনডিপির সহযোগিতায় সংসদ সচিবালয়ের সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) সংস্কারের প্রস্তাব এবং বাংলাদেশ পার্লামেন্টারি সার্ভিসের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার ধারণাপত্রও সভায় উপস্থাপন ও পর্যালোচনা করা হয়।
সভায় ২০৫০ সালের প্রয়োজন বিবেচনায় সংসদ সচিবালয়ের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো এবং দক্ষ জনবল গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ জন্য আধুনিক ও যুগোপযোগী জনবল কাঠামো প্রণয়নে ইউএনডিপির সহযোগিতা কামনা করা হয়। প্রস্তাবিত জনবল কাঠামোটি পরবর্তী কমিশনের আহ্বান করা সভায় উপস্থাপন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। সভায় সংসদ সচিবালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইউএনডিপির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
