নয়ের দশকের ছেলেমেয়েদের কাছে ‘সিআইডি’, ‘আহাট’-এর মতো টেলি শোগুলোর জনপ্রিয় কোনওদিন মলিন হবে না। আজও লোকমুখে ফেরে। আর এই কালজয়ী ধারাবাহিকগুলোর স্রষ্টা অর্থাৎ ক্যাপ্টেন অফ দ্য শিপ ব্রিজেন্দ্র পাল সিং ওরফে বিপি সিং। তাঁর সৃষ্টি যুগে যুগে সমাদৃত। মঙ্গলবার সেই যুগের অবসান ঘটল। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতীয় টেলিভিশনের ইতিহাসে জনপ্রিয় ধারাবাহিক ‘সিআইডি’, ‘আহাট’-এর পরিচালক-প্রযোজক (BP Singh Death)।
অপরাধ ও ভৌতিক ঘরানার ধারাবাহিকগুলো দর্শককে মুগ্ধ করেছিল। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ টেলিভিশন জগৎ। কয়েক দিন আগেই একটি ভিডিও প্রকাশ্যে আসার পর বিপি সিংয়ের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। সেই ভিডিওতে ‘সিআইডি’র কয়েকজন অভিনেতার সঙ্গে তাঁকে বেশ দুর্বল দেখাচ্ছিল! বয়সজনিত নানা জটিলতার কারণে তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন বলেই খবর। অবশেষে ২৭ অক্টোবর, মঙ্গলবার নিজের বাড়িতেই ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিপি সিং।
মুম্বইয়ের সান্তাক্রুজের সূর্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। বিপি সিংয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকপ্রকাশ করেন চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত। দীর্ঘদিনের সহকর্মীকে স্মরণ করে তিনি বলেন,’ বিপি সিং ছিলেন একজন অসাধারণ নির্মাতা। তাঁর কাজ আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে।’ সোশাল মিডিয়ায় একটি পোস্টে অশোক পণ্ডিত লেখেন, ‘বিশিষ্ট প্রযোজক-পরিচালক বিপি সিং জির প্রয়াণের খবর শুনে মর্মাহত। আজ ভোরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। সিআইডি ও আহাটের মতো ক্রাইম শোয়ের মাধ্যমে তিনি গোটা দেশকে মুগ্ধ করেছিলেন। তাঁর কাজ আজও অনুপ্রেরণা জোগায় এবং আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে।’
বিপি স্মরণে তিনি আরও যোগ করেন, একটি সংগঠনের সভাপতি থাকাকালীন বিপি সিংয়ের সঙ্গে তাঁর যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল। ‘সিআইডি’ ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় চরিত্র দয়া এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বিপি সিংয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। প্রয়াত পরিচালক-প্রযোজক বিপি সিংয়ের কথা স্মরণ করে দয়ানন্দ শেট্টি বলেন, কাজের প্রতি ছিল গভীর নিষ্ঠা ও ভালোবাসা।
View this post on Instagram
তাঁর কথায়, “বিপি সিং জি নিজের কাজের প্রতি ছিলেন নিবেদিত প্রাণ। কাজকে ভীষণ ভালোবাসতেন। পাশাপাশি, তিনি ছিলেন সেরা ক্যামেরাম্যানও। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। আজ সকালে আর ঘুম ভাঙেনি। বয়সজনিত কারণেই মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বা বুধ সকালে শেষকৃত্য সম্পন্ন হবে।” তাঁর মৃত্যুতে ভারতীয় টেলিভিশন জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল তা বলাই বাহুল্য।
