ঢাকা,২৭ অক্টোবর-জ্বালানি সংকট মোকাবিলায় দেশের প্রতিটি ঘরে বায়োগ্যাস প্লান্ট স্থাপনের উদ্যোগ নিতে চায় সরকার বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
তিনি বলেন, বরিশালে ইতোমধ্যে ৮১টি বায়োগ্যাস প্লান্ট স্থাপন করা হয়েছে। উদ্যোক্তাদের কেউ ব্যাংক থেকে ঋণ নিয়ে, আবার কেউ যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে এসব প্লান্ট গড়ে তুলেছেন। বায়োগ্যাস ব্যবহারের মাধ্যমে জ্বালানি সংকট মোকাবিলার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।
মঙ্গলবার বিকেলে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিনাফুলিয়ায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় স্থাপিত একটি বায়োগ্যাস প্লান্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গরুর গোবরের তুলনায় হাঁস-মুরগির বিষ্ঠা থেকে বেশি গ্যাস উৎপন্ন হয় উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, বায়োগ্যাসের মাধ্যমে রান্নার জ্বালানির চাহিদা মেটানোর পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি নিয়েও সরকার কাজ করছে। এ প্রকল্পের মাধ্যমে দীর্ঘমেয়াদে প্রায় ৪০ বছর পর্যন্ত গ্যাস ও বিদ্যুতের সুবিধা পাওয়া সম্ভব।
উদ্যোক্তাদের উৎসাহিত করে আমিনুল হক বলেন, বায়োগ্যাস নিজেরা ব্যবহারের পাশাপাশি উদ্বৃত্ত গ্যাস অন্যদের কাছে বিক্রি করেও বাড়তি আয় করা যায়। যুবসমাজকে স্বাবলম্বী করতে সরকার প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ দিচ্ছে। দক্ষ ফ্রিল্যান্সার তৈরির পাশাপাশি বর্তমানে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ৮৩টি প্রশিক্ষণ কার্যক্রম চালু রয়েছে।
তিনি আরও বলেন, এসব প্রশিক্ষণের মাধ্যমে একজন যুবক বা যুবতী নিজের ও পরিবারের আর্থিক সচ্ছলতা আনতে পারবেন। বায়োগ্যাস প্রকল্পের মাধ্যমেও যুবসমাজকে স্বাবলম্বী করে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।
এস এম/ ২৭ অক্টোবর ২০২৬
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিটি ঘরে বায়োগ্যাস প্লান্ট স্থাপনের উদ্যোগ: প্রতিমন্ত্রী first appeared on DesheBideshe.