নওগাঁর মহাদেবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নেতা-কর্মীরা হলেন উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের চকগোড়া (সরদারপাড়া) গ্রামের রোকনুজ্জামান ওরফে সোহাগ (২৫), একই গ্রামের মো. পিয়ারুল ইসলাম মুসা (১৯), মো. মাহমুদ রায়হান (৩০) এবং চকগোড়া (পূর্বপাড়া) গ্রামের মো. সোহেল হোসেন (২১)।
পুলিশ জানায়, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের পূর্বের সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া আইনগত অন্যান্য ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
