বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ ঢাকা ১২তম স্থানে রয়েছে। বায়ুর মান সূচকে ঢাকার স্কোর ১৪৯, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারে এ তথ্য দেখা যায়।
বায়ুদূষণে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর। বায়ুমান সূচকে লাহোরের স্কোর ২৩৮। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী নয়া দিল্লি। যার স্কোর ২১৪। ১৮৮ স্কোর নিয়ে ভিয়েতনামের রাজধানী হানোই তালিকার তৃতীয় স্থানে রয়েছে। চতুর্থ স্থানে ১৬৯ স্কোর নিয়ে অবস্থান করছে ইরাকের রাজধানী বাগদাদ। ১৬৬ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের শহর করাচি।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।
আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
