ইরানে নতুন করে হামলার পরিকল্পনা নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সেনাপ্রধান ইয়াল জামিরের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে বলে খবর প্রকাশ করেছে ইসরাইলি টেলিভিশন চ্যানেল ১২। তবে নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ প্রতিবেদনটি অস্বীকার করেছেন।
গত রোববার প্রকাশিত ওই প্রতিবেদনের বিষয়ে এখনো কিছু বলেননি ইয়াল জামির।
প্রতিবেদন সম্পর্কে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে ইসরাইলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, নেতানিয়াহু ও সেনাপ্রধানের মধ্যে বিরোধের খবরটি বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে। তিনি বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে গভীরভাবে অবগত বলে উল্লেখ করা হয়েছে।
ওই কর্মকর্তার মতে, প্রতিবেদনটির বিশ্বাসযোগ্যতার অন্যতম ইঙ্গিত হলো, এটি ইসরাইলের সামরিক সেন্সরের অনুমোদন নিয়ে প্রকাশিত হয়েছে। দেশটিতে জাতীয় নিরাপত্তাসংক্রান্ত খবর প্রকাশের আগে সামরিক সেন্সরের অনুমোদন নিতে হয়। প্রতিবেদনটি মিথ্যা হলে সামরিক সেন্সর এটি প্রকাশের অনুমতি দিত না বলেও মন্তব্য করেন তিনি।
কর্মকর্তাটি আরও বলেন, মঙ্গলবারের পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা তথ্যটি জনসাধারণের কাছে প্রকাশ করা প্রয়োজন বলে মনে করেছেন।
তবে ওই কর্মকর্তার দাবি, ইরানে নতুন করে হামলার বিরোধী নন ইয়াল জামির। তাঁর আপত্তি মূলত হামলার সময় নিয়ে। ইরান থেকে নতুন কোনো হুমকি তৈরি হয়ে থাকলেও তার জবাবে এখনই হামলা চালানো জরুরি কি না, সেটিই মূল প্রশ্ন। কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ইসরাইলিরা যখন ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তখন সামরিক বাহিনী মনে করছে, এত অল্প সময়ের মধ্যে পাল্টা হামলা চালানোর মতো জরুরি পরিস্থিতি তৈরি হয়নি।
ইসরাইলের শীর্ষ নেতৃত্ব ও সেনাপ্রধানের মধ্যে বিরোধের বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী কাটজও এ ধরনের মতবিরোধের খবর অস্বীকার করেছেন।
বিআলো/শিলি