সম্পাদক : শাহজাহান সরদার প্রকাশক : আনোয়ার হোসেন খান
বাংলাদেশের ব্যান্ড সংগীতের পরিচিত বহু গানের নেপথ্যে থাকা গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী বাংলা গানের ইতিহাস নিয়ে বই লিখেছেন।
প্রায় ছয় বছরের গবেষণায় লেখা তাঁর বইয়ের নাম ‘গ্রামোফোন থেকে অডিও ক্যাসেট: শত বছরের বাংলা গান’।
আজব প্রকাশ থেকে প্রকাশিত বইটির মোড়ক উন্মোচন হয় শুক্রবার। এ উপলক্ষে প্রকাশনা আড্ডার আয়োজন করে আজব কারখানা।
প্রকাশনা আড্ডায় শহীদ মাহমুদ জঙ্গী জানিয়েছেন, বইটির আলোচনার সময়সীমা ১৮৯১ থেকে ১৯৯১ সাল। গ্রামোফোনের যুগ থেকে অডিও ক্যাসেটের সময় পর্যন্ত বাংলা গানের যাত্রা তুলে ধরতে তিনি ২২৫ জন শিল্পী ও সুরকারের কাজের কথা লিখেছেন। পাশাপাশি রয়েছে গীতিকবিদের পরিচয় ও বাংলা গানে তাঁদের অবদানের আলোচনা।
লেখকের আশা, বাংলা গানের ইতিহাস নিয়ে পরবর্তী গবেষণায় বইটি কাজে লাগবে।
বইয়ের শিরোনামে যে দুই মাধ্যমের কথা এসেছে, তার একটি বাংলা গানের বাণিজ্যিক রেকর্ডিংয়ের শুরুর সময়কে মনে করিয়ে দেয়; অন্যটি বাংলাদেশের ব্যান্ড সংগীতের অ্যালবামের যুগকে।
১৯০২ সালে কলকাতায় গ্রামোফোন কোম্পানির রেকর্ডিং প্রকৌশলী ফ্রেডেরিক উইলিয়াম গেইসবার্গ গওহর জানের গান রেকর্ড করেন। কলকাতায় এইচএমভি, কলাম্বিয়া ও পঠের মতো প্রতিষ্ঠানের রেকর্ড জনপ্রিয় হয়েছিল। ঢাকাতেও চলচ্চিত্র নির্মাতা সালাউদ্দিন গড়ে তুলেছিলেন ‘ঢাকা রেকর্ড’ নামে একটি গ্রামোফোন রেকর্ড প্রতিষ্ঠান।
শুক্রবারের প্রকাশনা আড্ডায় ছিলেন হামিন আহমেদ, ফোয়াদ নাসের বাবু, নাসিম আলী খান, পিলু খান, তপন চৌধুরী, গোলাম মোর্শেদ, লাবু রহমান ও শাহজাদা মাহমুদ চৌধুরী।
অনুষ্ঠানে হামিন আহমেদ বলেন, “আমাদের দেশে গান নিয়ে গবেষণা ও বই প্রকাশের চর্চা একেবারেই নেই বললেই চলে। সে ক্ষেত্রে এই বই একটি মাইলফলক হয়ে থাকবে।”
ফোয়াদ নাসের বাবুর ভাষায়, “আমাদের গানের যে ঋদ্ধ অতীত, তা সংরক্ষণে এমন গবেষণাধর্মী কাজ খুবই গুরুত্বপূর্ণ।”
প্রকাশক ও সংগীতশিল্পী জয় শাহরিয়ার বলেন, “বাংলা গানের ইতিহাস চর্চা ও সংরক্ষণে বইটি ভূমিকা রাখবে। বাংলাদেশে এত বড় পরিসরে এ ধরনের কাজ এবারই প্রথম।”
১৯৫৬ সালের ৬ ফেব্রুয়ারি চট্টগ্রামে জন্ম শহীদ মাহমুদ জঙ্গীর। জীবনের বড় একটি সময় চট্টগ্রামে কাটিয়ে ১৯৮৫ সাল থেকে ব্যবসা ও গানের সূত্রে ঢাকায় থিতু হন তিনি।
সোলস, রেনেসাঁ ও এলআরবির অ্যালবামে ছড়িয়ে আছে তাঁর লেখা গান। এর মধ্যে রয়েছে সোলসের ‘চায়ের কাপে পরিচয়’ ও ‘ভালোবাসি ওই সবুজের মেলা’, রেনেসাঁর ‘হৃদয় কাদামাটির কোনো মূর্তি নয়’ ও ‘আজ যে শিশু’, এলআরবির ‘একদিন ঘুম ভাঙা শহরে’ এবং সামিনা চৌধুরীর কণ্ঠে ‘সময় যেন কাটে না’।
আশির দশকে সোলসের জন্য প্রেমের গানের পাশাপাশি সমাজ ও সময় নিয়েও লিখেছেন জঙ্গী।
একুশে বইমেলার আগে প্রকাশিত ‘গ্রামোফোন থেকে অডিও ক্যাসেট: শত বছরের বাংলা গান’ বইটি আজব প্রকাশের ফেসবুক পেজ ও বিভিন্ন অনলাইন বইয়ের দোকান থেকে অর্ডার করা যাচ্ছে।
যোগাযোগের ঠিকানা : রূপায়ন খান প্লাজা, লেভেল-১১, বাড়ি-১৮,
সড়ক-৭, ধানমন্ডি, ঢাকা-১২০৫। ফোন: ০২-৪১০৬১৪২০,
মোবাইল: +৮৮ ০১৭০৫৪০৭০৮০ (নিউজ রুম) ই-মেইল:
(নিউজ) [email protected] , [email protected] ;
