প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৩ পিএম
খুলনার রূপসা উপজেলায় ধর্ষণ মামলার আসামি জিহাদ শিকদারের (২৩) বিরুদ্ধে ১৪ বছর বয়সী এক কিশোরীকে জোরপূর্বক অপহরণের অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ৫ নম্বর ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর বাজারে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে কিশোরীর পরিবার। এ ঘটনায় কিশোরীর বাবা মো. তাজুবর শেখ (৫৫) রূপসা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, কিশোরীকে উদ্ধারে অভিযান চলছে।
অভিযোগ সূত্রে জানা যায়, রোববার জিহাদ শিকদারের ভাইজি তাবাচ্ছুম খাতুন কেনাকাটার কথা বলে কিশোরীকে বাড়ি থেকে আলাইপুর বাজারে নিয়ে যান। পরে সেখানে জিহাদ তাঁর বাবা ইবায়দুল শিকদারের সহযোগিতায় তাবাচ্ছুমের সামনে থেকে কিশোরীকে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যান বলে অভিযোগ করেছেন কিশোরীর বাবা।
পরিবারের দাবি, ঘটনার পর জিহাদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। এরপর আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোজাখুজি করেও কিশোরীর সন্ধান পাওয়া যায়নি। তাকে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়েছে বলে অভিযোগে আশঙ্কা প্রকাশ করেছেন তার বাবা।
লিখিত অভিযোগে আরও বলা হয়েছে, জিহাদ শিকদারের বিরুদ্ধে এর আগেও রূপসা থানায় ধর্ষণের মামলা রয়েছে। প্রায় ছয় মাস আগেও একই ধরনের একটি ঘটনা ঘটেছিল বলে অভিযোগ করেছেন কিশোরীর বাবা। তবে আগের ঘটনার বিস্তারিত এবং বর্তমান অভিযোগের সঙ্গে তার সম্পর্ক তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।
এ বিষয়ে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম বলেন, ঘটনাটি জানার পরপরই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। কিশোরীকে উদ্ধারে পুলিশের কার্যক্রম চলছে। কিশোরীকে উদ্ধার এবং অভিযোগের সত্যতা যাচাইয়ে পুলিশ কাজ করছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
