প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৭:২৬ পিএম
মাগুরার শালিখা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই মাসুদ গাজী (৪৫) খুন হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার তালখড়ি ইউনিয়নের নাঘোসা গ্রামের পশ্চিমপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত মাসুদ গাজী (৪৫) ও অভিযুক্ত সিদ্দিক গাজী (৫০) দুইজনই ওই গ্রামের মৃত: মোসলেম গাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে পূর্ব বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বড় ভাই সিদ্দিক গাজী তার হাতে থাকা লাঠি দিয়ে ছোট ভাই মাসুদ গাজীর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা মাসুদ গাজীকে দ্রুত উদ্ধার করে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত: ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।