বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ
বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার......
বাংলাদেশ
প্রতিনিধিবেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মৌচাক এলাকায় এ অবরোধের সৃষ্টি হয়। এর ফলে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে সব ধরনের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী ও সাধারণ মানুষ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রথমে ‘এসেনশিয়াল ক্লোথিং লিমিটেড’ নামের একটি কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে কারখানার সামনে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন। পরে তাঁরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কে অবস্থান নেন। এ সময় আন্দোলনরত শ্রমিকরা আশপাশের অন্যান্য কারখানাগুলো ছুটি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন এবং কয়েকটি কারখানার গেটে ইটপাটকেল নিক্ষেপ করেন।
উদ্ভূত পরিস্থিতি ও ভাঙচুর এড়াতে স্থানীয় কয়েকটি কারখানা কর্তৃপক্ষ বাধ্য হয়ে সাধারণ ছুটি ঘোষণা করে। পরবর্তীতে বিক্ষুব্ধ এই শ্রমিকরা দলবদ্ধ হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবস্থান নিলে পুরো এলাকার যান চলাচল স্থবির হয়ে পড়ে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, সকাল ১১টা থেকে শ্রমিকরা মহাসড়কটি অবরোধ করে রেখেছেন। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণেই রয়েছে।
বাংলাদেশ জার্নাল/ওএফ