আজকাল ওয়েবডেস্ক: স্থলভাগের থেকে ক্রমশ কমছে দূরত্ব। হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে, শক্তিশালী থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে অর্ণব। ২৮ তারিখে আছড়ে পড়ার সম্ভাবনা অর্ণবের। ঠিক তার আগে, ২৭ তারিখে, আবহাওয়া দপ্তর আপডেট দিল, অর্ণবের গতিবেগ, অবস্থান নিয়ে। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব গত ৬ ঘণ্টায় ২০ কিমি গতিতে প্রায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়েছে। মঙ্গলবার ২৭শে অক্টোবর, সকাল সাড়ে আটটা নাগাদ এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড় বিশাখাপত্তনম থেকে ২২০ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে, কাকিনাড়া থেকে ২৪০ কিমি পূর্ব-দক্ষিণপূর্বে, মছলিপত্তনম থেকে ৩৪০ কিমি পূর্ব-দক্ষিণপূর্বে, গোপালপুর থেকে ৩৭০ কিমি দক্ষিণে, বাপাতলা থেকে ৪১০ কিমি পূর্বে এবং শ্রী বিজয় পুরম থেকে ১০৩০ কিমি পশ্চিম-উত্তরপশ্চিমে অবস্থান করছে।
হাওয়া অফিস জানাচ্ছে, ২৭শে অক্টোবর সন্ধ্যা পর্যন্ত পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা অর্ণবের। এরপর এটি উত্তরপশ্চিম দিকে ঘুরে গিয়ে ২৮শে অক্টোবর, ২০২৬-এর সকালের দিকে বাপাতলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী অঞ্চলে—ইয়েনামের কাছাকাছি—উপকূল অতিক্রম করতে পারে। উপকূল অতিক্রমের সময় এটি একটি অতি প্রবল ঘূর্ণিঝড় রূপে থাকবে, সেই সময় বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২৫-১৩৫ কিমি। দমকা হাওয়ার গতিবেগ ১৪০ কিমি/ঘণ্টা পর্যন্ত পৌঁছাতে পারে। সকালের দিকেই প্রবল তান্ডব শুরু হওয়ার সম্ভাবনা। দুপুরের মধ্যেই ল্যান্ডফলের সম্ভাবনা।
অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবের কথা মাথায় রেখে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তেলঙ্গানা, ছত্তিসগঢ় এবং পুদুচেরিতে সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ নজর রাখা হচ্ছে অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার উপকূলবর্তী এলাকায়। ‘অর্ণব’-এর জেরে রেল পরিষেবায় বড়সড় প্রভাব পড়েছে। দেশজুড়ে মোট ৫৩টি ট্রেন বাতিল করা হয়েছে। হাওড়া থেকে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে ১৮০০৫ হাওড়া থেকে জগদলপুর এক্সপ্রেস ২৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বাতিল থাকবে। অন্যদিকে, ১৮০০৬ জগদলপুর থেকে হাওড়া এক্সপ্রেস ২৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে না। ঘূর্ণিঝড়ের প্রভাবে ২৭ অক্টোবর থেকেই রাজ্যেও আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কয়েকটি এলাকায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়াও বইতে পারে। ২৮ অক্টোবর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
https://www.youtube.com/watch?v=JwFdq_tA9cE
