কোম্পানীগঞ্জে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের নিয়ে শিক্ষকের টিকটক, তদন্ত কমিটি
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:১৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের নিয়ে এক শিক্ষকের তৈরি টিকটক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে শরাফতিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কর্তৃপক্ষ।
সোমবার (২৬ অক্টোবর) ‘সিয়াম’ নামের একটি আইডি থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পরে এটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থীদের শেষ ক্লাস ডে উপলক্ষে ধারণ করা হয়েছে বলে জানা গেছে।
৫৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, শ্রেণিকক্ষে মোবাইল ক্যামেরার সামনে প্রথমে আরবি প্রভাষক ওবায়দুল আকবার ফরহাদ, পরে একে একে ছাত্র ও ছাত্রীরা এসে অঙ্গভঙ্গি করেন। পরে ভিডিওতে সংগীত যুক্ত করে টিকটকে প্রকাশ করা হয়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়। কয়েকজন মন্তব্যকারী শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে এমন ভিডিও ধারণের সমালোচনা করেন। তাঁদের মতে, এ ধরনের কর্মকাণ্ড শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে নেতিবাচক বার্তা দিতে পারে।
মাদ্রাসা কর্তৃপক্ষ সোমবার দুপুরে বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে। কমিটির প্রধান করা হয়েছে আরবি প্রভাষক শহিদ উল্যাহকে। অন্য দুই সদস্য হলেন ইংরেজি প্রভাষক আবু সাঈদ ও গণিতের সহকারী শিক্ষক আব্দুল করিম। দুই কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
মাদ্রাসার অধ্যক্ষ আবদুল্লাহ আল মাহমুদ বলেন, বিষয়টি নজরে আসার পরই প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্ত শিক্ষক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
