বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সৈয়দ স্বাধীন, নিজস্ব প্রতিনিধি:
- আপডেট সময় : ০১:০৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
বরিশালে গণ অধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বরিশালে গণ অধিকার পরিষদের (জিওপি) পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বরিশাল নগরীতে দলটির জেলা, মহানগর ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে নানা কর্মসূচি পালিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীতে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ প্রকাশ করেন। সরকারি ব্রজমোহন (বিএম) কলেজসহ বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ছাত্র, যুব ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা র্যালিতে যোগ দেন।
র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল। সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা গণ অধিকার পরিষদের সভাপতি শামিম রেজা। এ সময় বরিশাল মহানগর গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি সাগর হোসেনসহ জেলা, মহানগর ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শুরুতে ৫ আগস্টের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বক্তারা গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠার পটভূমি, বিগত দিনের আন্দোলন-সংগ্রাম এবং রাজনৈতিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন।
বক্তারা বলেন, গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকেই সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তরুণ প্রজন্মের অংশগ্রহণে গড়ে ওঠা এ রাজনৈতিক সংগঠন আগামী দিনেও জনগণের ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার থাকবে।
তারা আরও বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং জনসম্পৃক্ত রাজনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
পরে নেতাকর্মীদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এর মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।

