
জামালপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশ।
একাত্তরের স্বাধীনতাবিরোধী ও চব্বিশের পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
তিনি বলেন, “বাংলাদেশের মানুষ ১৭ বছর জীবন ও রক্ত দিয়ে সংগ্রাম করে স্বৈরাচারের পতন ঘটিয়েছেন। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বিএনপির কাঁধে তুলে দিয়েছেন। এই দায়িত্ব পালনে বিএনপিকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এ ক্ষেত্রে বিকল্প কোনো পথ নেই।”
মঙ্গলবার দুপুরে জামালপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যুবদলের নেতাকর্মীদের উদ্দেশে ওয়ারেছ আলী মামুন বলেন, ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশকে জনগণের কাঙ্ক্ষিত জনকল্যাণমূলক রাষ্ট্রে রূপান্তর করতে না পারলে জাতিকে বড় ধরনের খেসারত দিতে হবে। তাই যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে হবে। আত্মকর্মসংস্থানসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে যুবসমাজকে ভূমিকা রাখতে হবে। তিনি আশা প্রকাশ করেন, যুবদলের নেতৃত্বে জামালপুরের যুবসমাজ সঠিক পথে এগিয়ে যাবে।
জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান সরোয়ার মনজুর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লোকমান আহমেদ খান লোটন, সহসভাপতি শহিদুল হক খান দুলাল, সহসভাপতি লিয়াকত আলী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন ও শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবদলের উদ্যোগে দুপুরে দলীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ সাফওয়ান সদ্য অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন সরকারি শিশু সদনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
