
গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটে বর্ষাপ্লাবিত প্লাবনভূমি ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩২৬ কেজি রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে সোমবার এ কর্মসূচি পালন করা হয়। সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক পুকুরে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী। এ সময় সাবেক চেয়ারম্যান এমএ রহিম, উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুর রহমান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
পরে উপজেলার জাতুগ্রাম মাদ্রাসা, কর্নি, গহড়া, লেঙ্গুড়া জামে মসজিদের পুকুর, পুকাশ আন্দু দিঘিসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয় ও প্লাবনভূমিতে মাছের পোনা অবমুক্ত করা হয়। এ কর্মসূচিতে মোট ১ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ৩২৬ কেজি রুইজাতীয় মাছের পোনা ছাড়া হয়। জলাশয় ও প্লাবনভূমিতে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
