জাতীয় ডেস্ক
বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৮টায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৬৯। এই স্কোর অনুযায়ী, রাজধানীর বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত তালিকায় এ তথ্য উঠে এসেছে।
তালিকা অনুযায়ী, ২০৩ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। ১৯৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর এবং ১৮৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে দেশটির আরেক শহর করাচি। এ ছাড়া ১৭২ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়।
আইকিউএয়ারের সূচকে বায়ুর মান শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি বা সহনীয় ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর। আর ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।
এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোর হলে বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়।
আইকিউএয়ার বিভিন্ন শহরের বায়ুদূষণের তাৎক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে বায়ুমান সূচক প্রকাশ করে। এই সূচকের মাধ্যমে শহরগুলোর বাতাসের দূষণের মাত্রা সম্পর্কে ধারণা পাওয়া যায়।
