Published on
:
1 min read
এই সময়: কলকাতা ও হাওড়া পুরসভার ভোট কিছুটা পিছিয়ে যেতে চলেছে বলে সোমবার জানা গিয়েছে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে। প্রাথমিকভাবে স্থির হয়েছিল, ২৮ নভেম্বর এই দুই পুরসভার ভোট হবে। একইসঙ্গে আরও ছ’টি পুরসভার ভোট হওয়ার কথা ছিল। এই পুরসভাগুলি হলো— বালি, হলদিয়া, ঝাড়গ্রাম, ধুপগুড়ি, কালিম্পং ও দার্জিলিং পুরসভা।
নিয়ম অনুযায়ী ভোটের ৩০ দিন আগে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হয়। সেই মতো ২৮ নভেম্বর ভোট করতে হলে রাজ্য নির্বাচন কমিশনকে আজ, মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করতে হতো, কিন্তু তা হচ্ছে না। রাজ্য নির্বাচন কমিশন ভোটের বিজ্ঞপ্তি প্রকাশের আগে রাজ্য সরকারকে সংশ্লিষ্ট পুরসভার ভোটের দিনক্ষণ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হয়। কিন্তু সোমবার পর্যন্ত পুজোর ছুটি চলেছে সরকারি দপ্তরে।
নবান্ন সূত্রের খবর, দুই পুরনিগমের সঙ্গে ছ’টি নয়, আপাতত তিন পুরসভার ভোট হবে। বালি ও কার্শিয়াং, দার্জিলিং এবং ঝাড়গ্রাম পুরসভার ভোট আপাতত হবে না।
সূত্রের দাবি, কলকাতার ওয়ার্ড পুনর্বিন্যাসকে চ্যালেঞ্জ জানিয়ে সোমবার কলকাতা হাইকোর্টে একটি আবেদন জমা পড়েছে। অবকাশকালীন বেঞ্চের বিচারপতি আর্যক দত্ত আবেদনটি জমা দেওয়ার অনুমতি দিয়েছেন। তার প্রেক্ষিতেই পুরভোট আপাতত পিছোচ্ছে বলে খবর।
