সাতক্ষীরার শ্যামনগরে চারদিন ধরে নিখোঁজ থাকা মনোরঞ্জন মণ্ডল (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার শৈলখালীর একটি ধানখেত থেকে তার মরদেহ শনাক্ত করেন স্থানীয়রা।
মনোরঞ্জন মণ্ডল কৈখালী ইউনিয়নের যাদবপুর গ্রামের দিগম্বর মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, চারদিন আগে ধানখেতে কীটনাশক প্রয়োগ করতে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
সোমবার সকালে শৈলখালীর একটি ধানখেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। পরে মরদেহটি মনোরঞ্জন মণ্ডলের বলে শনাক্ত করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, ‘বিষয়টি শুনেছি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের জন্য আমরা যাচ্ছি। মরদেহ উদ্ধারের পর পুলিশি তদন্ত ও ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যেতে পারে।’
