চাঁদপুর জেলার প্রতিটি ইউনিয়নের যেকোনো একটি প্রাথমিক বিদ্যালয়ে একটি করে পাঠাগার গড়ে তোলা হবে এবং পরবর্তী সময়ে ধাপে ধাপে উপজেলার সব স্কুলেই পাঠাগার স্থাপন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। ইতোমধ্যে চাঁদপুর জেলার ছয়টি ইউনিয়নে পাঠাগার গড়ে তোলা হয়েছে বলেও জানান তিনি।
আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুরে জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার পৌর পাঠাগার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এ কথা বলেন।
পৌর পাঠাগার উদ্বোধন অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক বলেন, মতলব উত্তর উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা না থাকার বিষয়টি ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হয়েছে। আশা করছি খুব শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় জেলা প্রশাসক স্থানীয় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধের সুরক্ষা এবং ধনাগোদা নদীতে অবৈধ ঝাঁক দিয়ে মাছ শিকারসহ এলাকার বিদ্যমান নানা সমস্যা নিয়েও কথা বলেন।
পৌর পাঠাগার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ছেংগারচর পৌরসভার প্রশাসক মাহমুদা কুলসুম মনি, পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহ্ সুফিয়ান খান, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক সরকার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেফ মাহমুদ সংগ্রামসহ ছেংগারচর পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা।
