সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় ২২ হাজার ২৪১ জন যাত্রীর ফ্লাইট বাতিল হয়েছে। এ ঘটনায় সরাসরি ও ট্রানজিট মিলিয়ে মোট ১৪৬টি ফ্লাইট স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে আকাশসীমা ব্যবস্থাপনা ও ফ্লাইট পরিচালনা (এএসএম ফ্লাইট ম্যানেজমেন্ট) বিভাগের স্কোয়াড্রন লিডার মো. সাকিব এ তথ্য জানান।
তিনি বলেন, সৌদি আরবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় সরাসরি ও ট্রানজিট ফ্লাইট মিলিয়ে ১৪৬টি ফ্লাইট স্থগিত হয়েছে। এতে মোট ২২ হাজার ২৪১ জন যাত্রীর যাত্রা বাতিল হয়েছে।
সাকিব জানান, বাতিল হওয়া সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৯টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১১টি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইন্সের ৩০টি, সালাম এয়ারের সাতটি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, ফ্লাইদুবাইয়ের আটটি এবং এয়ার ইন্ডিয়ার আটটি ফ্লাইট বাতিল হয়েছে।
বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় এসব ফ্লাইটের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ফ্লাইট পরিচালনায় বিঘ্ন অব্যাহত থাকতে পারে।
The post বাংলাদেশ থেকে ২২ হাজার ২৪১ যাত্রীর ফ্লাইট বাতিল appeared first on ভোরের চেতনা.
