তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং ৭ নভেম্বরের চেতনা আমাদের মূল প্রেরণা। সিপাহী-জনতার বিপ্লবের চেতনা ও জাতীয়তাবাদী দর্শন এ দেশের শিক্ষার্থীদের সবসময় উজ্জীবিত করেছে। দেশে যখনই অন্যায়, অত্যাচার, নির্যাতন ও কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠার চেষ্টা হয়েছে, তখনই ছাত্র-জনতা তার প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে ডা. কাইছার রহমান চৌধুরী অডিটরিয়ামে আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ, ফাইয়াজ ও ওয়াসিম আকরামসহ অন্য শহীদদের স্মরণ করে বলেন, যারা ন্যায়বিচার ও দেশের স্বাধীনতা রক্ষার জন্য জীবন উৎসর্গ করেন, তাঁরা ইতিহাসে অমর হয়ে থাকেন। তাঁদের আত্মত্যাগ কখনো বৃথা যায় না। এই আত্মত্যাগ প্রমাণ করে, বাংলাদেশ কোনো একনায়কতান্ত্রিক শাসনের দেশ নয়; বরং এটি একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে ওঠার প্রত্যাশা ধারণ করে।
তিনি আরও বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সময়কে তিনি দেশের জন্য একটি সংকটময় অধ্যায় হিসেবে বিবেচনা করেন। তাঁর অভিযোগ, একদলীয় বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের চিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করা হয়েছিল এবং সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হয়েছিল। পরবর্তী সময়ে ১৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তন ও বিভিন্ন ঘটনার ধারাবাহিকতায় সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে মেজর জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন। তাঁর হাত ধরেই দেশের মানুষ নতুন করে নিরাপত্তা ও স্বাধীনতার স্বাদ পেয়েছিল বলে মন্তব্য করেন তিনি।
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে রিজভী বলেন, তাঁর ভাষ্য অনুযায়ী, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে তৎকালীন সরকার ভারতের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল। শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে জনগণের অধিকার হরণ ও একনায়কতন্ত্র প্রতিষ্ঠার অভিযোগও করেন তিনি।
তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর ‘রাজাকারের নাতিপুতি’ মন্তব্যের প্রতিবাদে ছাত্র-জনতা আন্দোলনে শামিল হয়েছিল। একপর্যায়ে সেই আন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হন বলে উল্লেখ করেন তিনি।
রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি আমরি মীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিমন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আওয়াল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, ড্যাবের কেন্দ্রীয় সহসভাপতি ডা. মোফাককারুল ইসলাম, রাজশাহী জেলা ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেন, সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবু, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি এবং রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম। এ সময় বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোরের চেতনা পরিবারের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আমাদের ২৮ বছরের পথচলার আনন্দঘন এই আয়োজনে আপনিও হোন শুভেচ্ছার অংশীদার। নিজের ছবি দিয়ে তৈরি করুন ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ শুভেচ্ছা ফটোকার্ড এবং প্রিয়জন, বন্ধু, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে ছড়িয়ে দিন আনন্দ ও ভালোবাসা।
আপনার একটি ছবি, হয়ে উঠুক শুভেচ্ছা জানানোর সুন্দর মাধ্যম।
