সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে নির্বাচিত এসব কর্মী মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে কাজ করবেন। তাদের মাসিক মূল বেতন ১ হাজার ৭০০ মালয়েশীয় রিঙ্গিত। চুক্তির মেয়াদ তিন বছর, যা নবায়নযোগ্য। নিয়োগকর্তা কর্মীদের আবাসন ও চিকিৎসাসুবিধাও দেবে।
বোয়েসেল জানিয়েছে, পাসপোর্ট, মেডিকেল পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ফি, প্রাক্‌-বহির্গমন প্রশিক্ষণ, বীমা, যাতায়াত ও আবাসনসহ বাংলাদেশ অংশের কর্মীপ্রতি ২৬ হাজার ৩৫০ টাকা এবং ভিসা ও বিমান টিকিটের পুরো খরচ বহন করছে নিয়োগকর্তা। ফলে কর্মীদের কোনো অর্থ দিতে হচ্ছে না। প্রচলিত অভিবাসন ব্যয়ের তুলনায় কর্মীপ্রতি প্রায় ২ লাখ টাকা সাশ্রয় হচ্ছে। ১১২ জনের ক্ষেত্রে মোট সাশ্রয়ের পরিমাণ প্রায় ২ কোটি ১০ লাখ টাকা।
নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে অনলাইন আবেদন ও লটারির মাধ্যমে কর্মী বাছাই করা হয়। বোয়েসেলের তথ্য অনুযায়ী, বিজ্ঞপ্তির পর ৪ হাজার ৩৯ জন আবেদন করেন। তাদের মধ্য থেকে প্রকাশ্য ই-লটারিতে প্রাথমিকভাবে ৩০০ জনকে বাছাই করা হয়। পরে নিয়োগকর্তার সাক্ষাৎকার, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জনকে নির্বাচিত করা হয়।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, সরকারি ব্যবস্থাপনায় লটারির মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী বাছাইয়ের উদ্যোগ এবারই প্রথম। মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে বিনা খরচে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নেওয়ার চাহিদা পেয়েছে বোয়েসেল। এর মধ্যে ডিএইচএল ১১২, টপ গ্লোভ ৩৭৯, তাতাওয়া ইন্ডাস্ট্রি ৩২ এবং ইউনাইটেড প্লান্টেশন ৫২৫ জন কর্মী নেবে। সরকারি পরিকল্পনায় পর্যায়ক্রমে ১০ হাজার কর্মী পাঠানোর লক্ষ্য রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুনে অনিয়ম, অতিরিক্ত অভিবাসন ব্যয় আদায় ও কর্মী শোষণের অভিযোগে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। এর আগে ২০২২ থেকে ২০২৪ সালের মে পর্যন্ত দেশটিতে প্রায় সাড়ে চার লাখ বাংলাদেশি কর্মী গিয়েছিলেন।
রেমিট্যান্সে জোয়ার, নভেম্বরের ২৮ দিনে এলো ৩৩ হাজার কোটি টাকা!
রাতে মার্কেট-দোকান খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
গোপালগঞ্জে প্রায় ১ লাখ বিকাশ-নগদ একাউন্ট স্থগিত কেন, জানালো কেন্দ্রীয় ব্যাংক
সব বন্ড মূল মার্কেট বোর্ডে তালিকাভুক্তির নির্দেশ, নেপথ্যে কী?
