সুখটানেও জালিয়াতি! একেবারে কম দামে নকল সিগারেট বিক্রি। গোপন সূত্রে খবর পেয়েই কোচবিহারের ভবানীগঞ্জ বাজার এবং দিনহাটা শহরের চওড়াহাট বাজারের একাধিক দোকানে অভিযান চালাল হায়দরাবাদ থেকে আসা একটি বিশেষ দল। আদালতের নির্দেশে চালানো এই অভিযানে বেশ কিছু সিগারেটের প্যাকেট বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে বাজারে চাঞ্চল্য ছড়ায়।
ব্যবসায়ীদের একাংশের দাবি, নকল সিগারেটের প্যাকেট হুবহু একটি আসল সিগারেট কোম্পানির মতো দেখতে থাকায় গ্রাহক সেটা কিনে নেন।
জানা যায়, একটি নামী সিগারেট প্রস্তুতকারী সংস্থার অভিযোগের ভিত্তিতে হায়দরাবাদের আদালত তদন্তের নির্দেশ দেয়। এরপর আইনজীবীদের নেতৃত্বে একটি দল ভবানীগঞ্জ বাজার এবং চওড়াহাট বাজারে পৌঁছে বিভিন্ন দোকানে অভিযান চালায়। অভিযানের মুখে ব্যবসায়ীদের দাবি, তাঁরা হকারদের কাছ থেকে সিগারেট কিনে বিক্রি করেন। সেগুলি নকল কি না, সে বিষয়ে তাঁদের কোনও ধারণা ছিল না বলেও জানান এক ব্যবসায়ী। অভিযানকারী দলের সদস্যদের দাবি, প্রায় প্যাকেটের সমস্ত ছবি ও নাম পর্যন্ত কপি করে সিগারেট বিক্রির একটি কালাকারবার চালানো হচ্ছে। সেই কালো কারবারের কারণে ক্ষতির মুখে পড়ছে সিগারেটের সংস্থা।
অপরদিকে নকল সিগারেটের আদৌ কি ধরনের সামগ্রিক ব্যবহার হচ্ছে সেটা নিয়েও সম্পূর্ণ ধোঁয়াশা থেকে যাচ্ছে। সিগারেট আদতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হলেও বেশ কিছু নিয়ম নীতি সেই সিগারেট প্রস্তুতকারী সংস্থা পালন করে থাকেন তবে বেআইনি কারবারের সঙ্গে যারা যুক্ত তারা সেই ধরনের কোন নির্দেশিকা পালন করতে বাধ্য নন বলেই দাবি অভিযান কারিদের। তবে ব্যবসায়ীদের একাংশের দাবি, নকল সিগারেটের প্যাকেট হুবহু একটি আসল সিগারেট কোম্পানির মতো দেখতে থাকায় গ্রাহক সেটা কিনে নেন।
