দিনাজপুর পৌরসভার ইসলামবাগে কালভার্ট নির্মাণ সাইটের নৈশপ্রহরী টিটু শিকদারকে (৩৬) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ২১ অক্টোবর বুধবার রাতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কালভার্ট নির্মাণে ব্যবহৃত ড্রেজারের ব্যাটারি চুরি করতে যায় অভিযুক্ত মো. রাফি ওরফে রিজন মোল্লা (২৫) ও তার সহযোগীরা। এ সময় নৈশপ্রহরী টিটু শিকদার বাধা দিলে তাঁকে পেটে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।
এই ঘটনায় নিহতের বড় ভাই মো. বিপ্লব শিকদার বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ সুপার মো. জেদান আল মুসার নির্দেশনায় সোমবার (২৬ অক্টোবর) ভোররাতে শহরের রেলব্রিজ এলাকায় অভিযান চালিয়ে রাফিকে গ্রেপ্তার করে পুলিশ।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি টিটু শিকদারকে হত্যার দায় স্বীকার করেছে।
জেএইচআর
