বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)। এ উপলক্ষে কেন্দ্রীয়ভাবে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। পাশাপাশি সারাদেশের জেলা ও মহানগর পর্যায়েও কর্মসূচি পালন হবে।
১৯৭৮ সালের ২৭ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেন। যুবসমাজকে সংগঠিত করে তাদের শক্তিকে দেশের উন্নয়ন ও গঠনমূলক কর্মকাণ্ডে কাজে লাগানোর লক্ষ্য নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠিত হবে। এতে যুবদলের কেন্দ্রীয় কমিটির নেতাদের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা অংশ নেবেন।
এ ছাড়া, দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে রক্তদান কর্মসূচি ও বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হবে।
যুবদলের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২৭ ও ২৮ অক্টোবর সারাদেশে আলোচনা সভা, র্যালি, সমাবেশ, রক্তদান, বিনামূল্যে চিকিৎসাসেবা, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি মাছের পোনা অবমুক্তকরণ এবং দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগও নেওয়া হয়েছে।
সংগঠনটির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ছিলেন আবুল কাশেম। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতা। তাদের মধ্যে রয়েছেন মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বরকতউল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল আলম নীরব ও সুলতান সালাউদ্দিন টুকু।
বর্তমানে যুবদলের সভাপতির দায়িত্বে রয়েছেন আবদুল মোনায়েম মুন্না। সংগঠনটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি তৃণমূল পর্যায়েও প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিভিন্ন আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
