রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ২১তম জাতীয় ফার্নিচার মেলা ২০২৬। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির (বিএফএসএমএস) আয়োজনে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে নবরাত্রি হলে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক সূচনা হয়। মেলা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।
এবারের মেলায় দেশের ৪৪টি শীর্ষস্থানীয় ফার্নিচার প্রতিষ্ঠান ৩২৩টি স্টলে নিজেদের পণ্য, আধুনিক নকশা ও উদ্ভাবনী ফার্নিচার প্রদর্শন করছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আখতার, হাতিল, ব্রাদার্স, নাদিয়া, আয়ত, ওমেগা, জেএমজি, নাভানা, অ্যাথেনাস, পারটেক্স, রিগাল ও লেগাসিসহ বিভিন্ন পরিচিত ব্র্যান্ড।
আয়োজকরা জানিয়েছেন, মেলায় কেবল দেশীয়ভাবে উৎপাদিত ফার্নিচার প্রদর্শন করা হচ্ছে। ক্রেতাদের জন্য থাকছে সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। এ ছাড়া মেলার উদ্বোধনী দিনে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক এবং বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. কেএম আকতারুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএফএসএমএসের চেয়ারম্যান সেলিম এইচ রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ হাসান আরিফ বলেন, দেশের ফার্নিচার শিল্পে ব্যাপক সম্ভাবনা রয়েছে। পণ্যের মান ও নকশার উন্নয়নে আরও গুরুত্ব দিয়ে নতুন রপ্তানি বাজারে প্রবেশ করতে পারলে এ খাত দেশের অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে পারবে।
বিএফএসএমএসের চেয়ারম্যান সেলিম এইচ রহমান বলেন, দেশীয় ফার্নিচার শিল্পকে এগিয়ে নিতে মান, নকশা ও প্রযুক্তিতে বিনিয়োগের পাশাপাশি উদ্যোক্তাদের জন্য সহজ অর্থায়ন এবং দক্ষ জনবল নিশ্চিত করা জরুরি। এ ছাড়া কাঁচামালের সহজলভ্যতা, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক মান ও পরিবেশগত শর্ত পূরণে শিল্প উদ্যোক্তাদের সহায়তা প্রয়োজন।
মেলা কমিটির আহ্বায়ক ও বিএফএসএমএসের ভাইস চেয়ারম্যান আলহাজ শেখ আব্দুল আউয়াল বলেন, একই ছাদের নিচে দেশের শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ডগুলোকে একত্র করার ফলে ক্রেতারা নতুন নকশা সম্পর্কে জানতে, বিভিন্ন পণ্য তুলনা করতে এবং নিজেদের চাহিদা অনুযায়ী ফার্নিচার বেছে নিতে পারবেন।
আয়োজকদের তথ্যমতে, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা মেলা পরিদর্শন করতে পারবেন। আইসিসিবির হল-২ (পুষ্পগুচ্ছ), হল-৩ (রাজদর্শন) ও হল-৪ (নবরাত্রি)-এ মেলার আয়োজন করা হয়েছে। দর্শনার্থীদের জন্য প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে।
মেলার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে ডিজাইন অ্যান্ড টেকনোলজি সেন্টার (ডিটিসি)। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে এটিএন বাংলা, কালবেলা ও অ্যাকসেস ইনফোটেক।
